গরুর মাংসের প্রচলিত রান্নার বাইরে নতুন কিছু খুঁজছেন? তাহলে মেথি দিয়ে গরুর মাংস ভুনা হতে পারে দারুণ একটি পছন্দ। মেথির স্বতন্ত্র সুগন্ধ এবং মসলার সমৃদ্ধ সংমিশ্রণে তৈরি এই পদ খাবারের টেবিলে যোগ করতে পারে ভিন্ন মাত্রা। ভাত, পোলাও কিংবা খিচুড়ির সঙ্গে পরিবেশনের জন্য এটি একটি উপযোগী ও সুস্বাদু রেসিপি।
রান্নাটির বিশেষত্ব হলো মেথির হালকা তিতকুটে ঘ্রাণ, যা গরুর মাংসের স্বাদের সঙ্গে মিশে তৈরি করে ব্যতিক্রমী এক স্বাদ। সহজলভ্য কিছু উপকরণ দিয়েই ঘরে তৈরি করা যায় এই মুখরোচক পদ।
উপকরণ হিসেবে লাগবে ১ কেজি মাঝারি আকারে কাটা গরুর মাংস, ১ কাপ মোটা করে কাটা পেঁয়াজ, ৪ টেবিল চামচ লাল মরিচ গুঁড়া, ২ টেবিল চামচ হলুদ গুঁড়া, ৫ থেকে ৬টি কাঁচামরিচ, ২টি এলাচ, ২ টুকরা দারুচিনি, ১ টেবিল চামচ মেথি, পরিমাণমতো সয়াবিন তেল এবং স্বাদ অনুযায়ী লবণ।
রান্নার শুরুতে গরুর মাংস ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিতে হবে। এরপর একটি হাঁড়িতে প্রয়োজনমতো তেল গরম করে তাতে মেথি দিয়ে ফোড়ন দিতে হবে।
মেথির সুবাস বের হতে শুরু করলে পেঁয়াজ, লাল মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, এলাচ, দারুচিনি এবং লবণ দিয়ে মশলা ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলার রং ও ঘ্রাণ ফুটে উঠলে তাতে গরুর মাংস যোগ করে মাঝারি আঁচে ভালোভাবে কষাতে হবে।
মাংস ও মশলা ভালোভাবে মিশে গেলে পরিমাণমতো গরম পানি দিয়ে হাঁড়ি ঢেকে দিতে হবে। এরপর মাংস নরম হওয়া পর্যন্ত রান্না করতে হবে। প্রয়োজন অনুযায়ী পানি যোগ করা যেতে পারে।
সবশেষে কাঁচামরিচ দিয়ে ঝোল শুকিয়ে মাখা মাখা অবস্থায় নামিয়ে নিতে হবে। এভাবে প্রস্তুত হবে সুগন্ধি ও স্বাদে ভরপুর মেথি দিয়ে গরুর মাংস ভুনা।
সিএ/এমআর


