দীর্ঘ সময় রোজা রাখার পর শরীরের অন্যতম প্রধান চাহিদা হয়ে ওঠে পানি ও সতেজতা। সারাদিন পানাহার থেকে বিরত থাকার কারণে শরীরে পানিশূন্যতা ও ক্লান্তি দেখা দিতে পারে। তাই ইফতারে এমন পানীয় বেছে নেওয়া জরুরি, যা দ্রুত তৃষ্ণা মেটানোর পাশাপাশি শরীরকে ভেতর থেকে ঠান্ডা ও সতেজ রাখবে।
এই প্রয়োজন মেটাতে শসা-লেবুর শরবত হতে পারে সহজ ও স্বাস্থ্যকর একটি সমাধান। শসার প্রাকৃতিক জলীয় উপাদান শরীরের পানিশূন্যতা পূরণে সহায়তা করে, আর লেবুর ভিটামিন সি ক্লান্তি দূর করে শরীরকে চাঙ্গা রাখে। হালকা ও পুষ্টিকর এই পানীয় ইফতারের সময় শরীরকে দ্রুত রিফ্রেশ করতে কার্যকর ভূমিকা রাখে।
এই শরবত তৈরিতে প্রয়োজন শসা কুচি এক কাপ, লেবুর রস দুই টেবিল চামচ, ঠান্ডা পানি দুই গ্লাস, স্বাদ অনুযায়ী চিনি বা মধু এবং সামান্য লবণ। প্রথমে শসা ভালোভাবে ধুয়ে ছোট টুকরো করে নিতে হবে। এরপর সব উপকরণ একসঙ্গে ব্লেন্ডারে দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে ছেঁকে নিলেই শরবত প্রস্তুত।
ইফতারে এই শরবত শুধু তৃষ্ণাই নিবারণ করে না, বরং শরীরকে দেয় প্রশান্তি ও সতেজ অনুভূতি। সহজ উপকরণে তৈরি এই পানীয় রোজার সময় সুস্থ থাকতে সহায়ক হতে পারে।
সিএ/এমআর


