পবিত্র রমজান মাসে ইফতারে খেজুর খাওয়ার প্রচলন থাকলেও পুষ্টিবিজ্ঞান বলছে, সারা বছরই নিয়মিত খেজুর খাওয়া স্বাস্থ্যের জন্য উপকারী। দিনে মাত্র দুই থেকে তিনটি খেজুর শরীরে নানা ইতিবাচক পরিবর্তন আনতে পারে বলে জানিয়েছেন পুষ্টিবিদ ডা. আফলাতুন আকতার জাহান।
তিনি জানান, প্রতি ১০০ গ্রাম খেজুরে ২৭৭ থেকে ৩১৪ ক্যালরি থাকে। এতে রয়েছে উল্লেখযোগ্য পরিমাণ পটাশিয়াম, ম্যাগনেশিয়াম, কপার ও আয়রন। পাশাপাশি ভিটামিন বি৬ এবং শক্তিশালী অ্যান্টি-অক্সিডেন্ট উপাদান খেজুরকে একটি পুষ্টিসমৃদ্ধ খাদ্যে পরিণত করেছে।
খেজুরে থাকা দ্রবণীয় ও অদ্রবণীয় ফাইবার হজমশক্তি উন্নত করে এবং কোষ্ঠকাঠিন্য দূর করতে সহায়তা করে। এটি দীর্ঘক্ষণ পেট ভরা রাখে, ফলে অতিরিক্ত খাবার গ্রহণ কমে ওজন নিয়ন্ত্রণ সহজ হয়। নিয়মিত খেজুর খেলে অন্ত্রের উপকারী ব্যাকটেরিয়ার বৃদ্ধি ঘটে, যা কোলন ক্যানসারের ঝুঁকি কমাতে সাহায্য করে।
রক্তচাপ নিয়ন্ত্রণেও খেজুরের ভূমিকা গুরুত্বপূর্ণ। এতে থাকা পটাশিয়াম শরীরে সোডিয়ামের ভারসাম্য বজায় রাখে এবং হৃদ্রোগ ও স্ট্রোকের ঝুঁকি কমায়। পাশাপাশি খেজুরের অ্যান্টি-অক্সিডেন্ট উপাদান মস্তিষ্কের প্রদাহ কমিয়ে স্মৃতিভ্রমজনিত রোগ প্রতিরোধে সহায়ক ভূমিকা রাখে।
সিএ/এমআর


