তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন এমপি বলেছেন, জনগণের কাছে অবাধ তথ্য সরবরাহ নিশ্চিত করতে সাংবাদিকসহ সব অংশীজনের মতামতের ভিত্তিতে জবাবদিহিতার পরিধি নির্ধারণ করে গণমাধ্যমের সর্বোচ্চ স্বাধীনতা নিশ্চিত করা হবে।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকালে বরিশাল সার্কিট হাউজে একটি সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
মন্ত্রী বলেন, ‘আধুনিক প্রযুক্তিনির্ভর বিশ্বব্যবস্থা ও ইকোসিস্টেমের সঙ্গে নতুন গণমাধ্যমের সম্পৃক্ততা এখনও পুরোপুরি অর্জিত হয়নি। সামগ্রিকভাবে গণমাধ্যমের ব্যবস্থাপনাকে আধুনিক ব্যবস্থার মধ্যে আনার চেষ্টা করা হচ্ছে। আমাদের তথ্য মন্ত্রণালয় যখন গড়ে উঠেছিল, তখন তথ্য প্রযুক্তিভিত্তিক গণমাধ্যম ছিল না। এখন যে ধরনের তথ্য প্রযুক্তিভিত্তিক গণমাধ্যমের প্রসার হয়েছে, তার সঙ্গে খাপ খাওয়ানো এখনও সম্পূর্ণ হয়নি।’
সাংবাদিকদের আরেকটি প্রশ্নের জবাবে তিনি জানান, ‘বরিশাল আদালতে বিচারক ও আইনজীবীদের মধ্যে মনোমালিন্য ও বিভেদ কেন সৃষ্টি হয়েছে, সে বিষয়ে আমি এখনও পুরোপুরি অবহিত নই। রায়পুর জেলা প্রশাসকের সঙ্গে কথা বলে সমস্যা সমাধানে আইনমন্ত্রী সঙ্গে আলোচনা করব।’
এর আগে তথ্য ও সম্প্রচারমন্ত্রী সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মধ্যে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) এর মাধ্যমে ৬১ জনের মাঝে ২ কোটি ১৭ লাখ টাকার চেক বিতরণ করেন।
সিএ/এএ


