ঢাকার ধামরাইয়ে ডিবি পুলিশ পরিচয়ে এক ব্যক্তির কাছ থেকে তিন লাখ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। ঢাকা-আরিচা মহাসড়কে ব্যারিকেড দিয়ে অস্ত্রের মুখে জিম্মি করে টাকা ছিনতাই করা হয় বলে দাবি করেছেন ভুক্তভোগী।
মঙ্গলবার (১৬ জুন) দুপুরে ধামরাইয়ের কালামপুর বিলট্রেড নামের কারখানার পশ্চিম পাশে এ ঘটনা ঘটে। এতে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
ভুক্তভোগী গৌরাঙ্গ রাজবংশী (৪০) জানান, তিনি এসডিআই নামের একটি বেসরকারি উন্নয়ন সংস্থা থেকে ঋণের চেক ডাচ বাংলা ব্যাংক কালামপুর বাজার শাখায় জমা দিয়ে তিন লাখ টাকা উত্তোলন করেন। পরে তিনি অটোরিকশাযোগে ঢাকা-আরিচা মহাসড়ক ধরে নান্নার গ্রামের বাড়ির উদ্দেশে রওনা দেন।
তিনি আরও জানান, অটোরিকশাটি বিলট্রেড কারখানার পশ্চিম পাশে পৌঁছালে একটি হায়েস মাইক্রো দিয়ে পথরোধ করা হয়। এরপর পাঁচ-ছয়জন ব্যক্তি ডিবি পুলিশ পরিচয়ে তাকে মাদক ব্যবসায়ী আখ্যা দিয়ে অস্ত্রের মুখে জিম্মি করে গাড়িতে তুলে নেয়।
ভুক্তভোগীর অভিযোগ অনুযায়ী, গাড়ির ভেতরে তাকে মারধর করে তার কাছ থেকে তিন লাখ টাকা ছিনিয়ে নেওয়া হয়। পরে প্রায় এক ঘণ্টা মহাসড়কের বিভিন্ন স্থানে ঘুরিয়ে ডাউটিয়া সেতুর কাছে তাকে নামিয়ে দেওয়া হয়।
তবে এ ঘটনায় তিনি থানায় কোনো লিখিত অভিযোগ দেননি বলে জানা গেছে।
সিএ/এমই


