মানিকগঞ্জ সদর উপজেলায় প্রিয় দল ব্রাজিলের পতাকা টাঙাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফয়সাল হোসেন (২০) নামে এক তরুণের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৯ জুন) বিকেলে উপজেলার দিঘী ইউনিয়নের ভাটবাউর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ফয়সাল হোসেন ওই এলাকার মুন্নু মিয়ার ছেলে এবং স্থানীয় তাসনুভা ফিলিং স্টেশনের কর্মচারী ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে ফয়সাল হোসেন ফিলিং স্টেশনের পাশে একটি আমগাছে উঠে ব্রাজিলের পতাকা টাঙানোর চেষ্টা করছিলেন। এ সময় অসাবধানতাবশত গাছের পাশ দিয়ে যাওয়া বিদ্যুতের তারের সংস্পর্শে এসে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন।
ঘটনার পর তিনি গাছ থেকে নিচে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
সিএ/এমই


