টাঙ্গাইলের সখীপুরে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি বাঁশবোঝাই ট্রাকের পেছনে মুরগিবোঝাই পিকআপ ভ্যানের ধাক্কায় চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
মঙ্গলবার (৯ জুন) ভোর ৪টার দিকে সখীপুর-সাগরদিঘী সড়কের কালিয়া ঘোনারচালা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কালিয়া বাজার সংলগ্ন ঘোনারচালা এলাকায় একটি ট্রাকে বাঁশবোঝাই করার কাজ চলছিল। এ সময় দ্রুতগতির একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে পিকআপে থাকা চারজন ঘটনাস্থলেই নিহত হন।
দুর্ঘটনায় ট্রাকে থাকা আরও একজন গুরুতর আহত হয়েছেন। তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহতরা হলেন জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলার নূরনবী (৬৪), নওগাঁ জেলার পত্নীতলা উপজেলার রফিকুল (১৮), নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার সাগর (২২) এবং ভোলা জেলার সুমন (২৬)। সুমন ঢাকার মিরপুর-১ এলাকায় বসবাস করতেন বলে জানা গেছে।
আহত ব্যক্তি হলেন টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার মো. জহিরুল ইসলাম (৪০)। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
সখীপুর থানার উপপরিদর্শক (এসআই) মামুন মিয়া জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং দুর্ঘটনার কারণ তদন্ত করে দেখা হচ্ছে।
সিএ/এমই


