চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় বালতির পানিতে ডুবে আসমাউল হোসেন (২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
রবিবার (৩১ মে) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার ফতেপুর ইউনিয়নের টাকাহারা বটপুকুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আসমাউল হোসেন ওই গ্রামের মো. মানিকের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ির আঙিনায় খেলার সময় পরিবারের সদস্যদের অজান্তে শিশুটি পানিভর্তি একটি বালতির মধ্যে উপুড় হয়ে পড়ে যায়। কিছুক্ষণ পর তার পাঁচ বছর বয়সী বোন মারিয়া খাতুন বিষয়টি দেখতে পেয়ে চিৎকার করে ওঠে। পরে পরিবারের সদস্যরা দ্রুত সেখানে ছুটে যান।
পরিবারের লোকজন শিশুটিকে উদ্ধার করে নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকোমল চন্দ্র দেবনাথ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
সিএ/এমই


