ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ট্রেনের ধাক্কায় মাসুম মিয়া (৪৫) নামে এক অটোরিকশাচালক নিহত হয়েছেন। রোববার (৭ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার মোগড়া ইউনিয়নের দরুইন গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মাসুম মিয়া দরুইন গ্রামের বাসিন্দা এবং শাহজাহান মিয়ার ছেলে। তিনি পেশায় একজন অটোরিকশাচালক ছিলেন বলে জানিয়েছে স্থানীয়রা।
স্থানীয় সূত্রে জানা গেছে, কাজ শেষে বাজার করে বাড়ি ফিরছিলেন মাসুম মিয়া। পথে রেললাইনের কাছে পৌঁছালে একটি আন্তনগর ট্রেন তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দুর্ঘটনার খবর পেয়ে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ শনাক্ত করেন। পরে আখাউড়া রেলওয়ে থানা পুলিশ সেখানে পৌঁছে প্রয়োজনীয় কার্যক্রম শুরু করে।
আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, কীভাবে দুর্ঘটনাটি ঘটেছে তা তদন্ত করে দেখা হচ্ছে।
সিএ/এমই


