রংপুরে ছয় বোতল বিদেশি মদসহ শামীম আহমেদ ওরফে জর্দা শামীম (৫৭) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। তিনি শ্রমিক লীগ নেতা হিসেবে পরিচিত।
বুধবার (৬ মে) রাত সাড়ে ১১টার দিকে রংপুর সদর উপজেলায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি বৃহস্পতিবার (৭ মে) দুপুরে নিশ্চিত করেন রংপুর জেলা পুলিশ সুপার মোজাম্মেল হক।
পুলিশ জানায়, গ্রেপ্তার শামীম আহমেদ ঝালকাঠি পৌর এলাকার পূর্ব কাঠপট্টি মহল্লার মৃত শাহাবুদ্দিন মিয়ার ছেলে। দীর্ঘদিন ধরে তিনি ‘জর্দা শামীম’ নামে এলাকায় পরিচিত ছিলেন।
ডিবি পুলিশের সূত্রে জানা গেছে, তিনি ঢাকা মহানগর উত্তর শ্রমিক লীগের সহসভাপতি পদে রয়েছেন। বেশ কিছুদিন ধরে তার গতিবিধি নজরদারিতে রাখা হয়েছিল। পরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের সময় তার কাছ থেকে ছয় বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি কিছু তথ্য দিয়েছেন, যা যাচাই-বাছাই করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, ব্যবসায়ী পরিচয়ের পাশাপাশি রাজনৈতিক প্রভাবকে কাজে লাগিয়ে শামীম বিভিন্ন ব্যবসা-বাণিজ্য, হাট-বাজার ও জমিজমা সংক্রান্ত বিষয়ে প্রভাব বিস্তার করতেন বলে অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে বিরোধপূর্ণ জমি দখল, ব্যবসায়ীদের কাছ থেকে অনৈতিক সুবিধা আদায় এবং ভয়ভীতি প্রদর্শনের অভিযোগও উঠেছে।
এছাড়া ব্যক্তিগত ক্যাডার বাহিনী গড়ে তোলা, এলাকায় আধিপত্য বিস্তার এবং বিরোধীদের দমনে ভয়ভীতি প্রদর্শনের অভিযোগও স্থানীয়দের পক্ষ থেকে পাওয়া গেছে।
তবে তার ঘনিষ্ঠ কয়েকজন এসব অভিযোগ অস্বীকার করে দাবি করেছেন, রাজনৈতিকভাবে হয়রানির উদ্দেশ্যে তার বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে।
গ্রেপ্তারের ঘটনায় ঝালকাঠি ও রংপুরসহ বিভিন্ন এলাকায় আলোচনা-সমালোচনা সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া দেখা যাচ্ছে।
রংপুর জেলা পুলিশ সুপার মোজাম্মেল হক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় ছয় বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
সিএ/এমই


