নেত্রকোনার মোহনগঞ্জ পৌর শহরে অবৈধ চায়না দুয়ারি জালের বিরুদ্ধে বিশেষ অভিযানে প্রায় সাড়ে ৮ লাখ টাকার জাল জব্দ করেছে পুলিশ। এ সময় সোহেল মিয়া (৩২) নামের এক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
বুধবার (৬ মে) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে পৌর শহরের খলিফাপট্টি এলাকার জব্বার মার্কেটের একটি গুদামে এ অভিযান পরিচালনা করা হয়। পুলিশের দাবি, গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ জাল উদ্ধার করা হয়।
আটক সোহেল মিয়া ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়নের চকিয়াচাপুর গ্রামের খাউজ আলীর ছেলে। দীর্ঘদিন ধরে তিনি মোহনগঞ্জ পৌর শহরের খলিফাপট্টি এলাকায় দোকানঘর ভাড়া নিয়ে অবৈধ চায়না দুয়ারি জাল বিক্রি করে আসছিলেন বলে জানা গেছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, অভিযানের রাতে একটি ট্রাকে করে নতুন চালান এনে গুদামে জাল নামানোর সময় পুলিশ সেখানে হানা দেয়। পরে তল্লাশি চালিয়ে তাকে হাতেনাতে আটক করা হয় এবং জালগুলো জব্দ করা হয়।
জব্দ করা জালের মধ্যে রয়েছে ২৩৪টি বড় এবং ১১৪টি ছোট চায়না দুয়ারি জাল। প্রতিটি জালের গড় মূল্য প্রায় সাড়ে ৩ হাজার টাকা হিসেবে মোট জালের বাজারমূল্য প্রায় সাড়ে ৮ লাখ টাকা বলে জানিয়েছে পুলিশ।
স্থানীয়দের অভিযোগ, মোহনগঞ্জের জালপট্টি ও খলিফাপট্টি এলাকায় দীর্ঘদিন ধরে অবৈধ জাল ব্যবসা চলছে। এখান থেকে হাওরাঞ্চলের বিভিন্ন উপজেলায় এসব জাল সরবরাহ করা হয়, যা মা মাছ ও পোনা মাছ নিধনে ব্যবহৃত হচ্ছে।
মৎস্য সংশ্লিষ্টরা জানান, চায়না দুয়ারি জালের ব্যবহার হাওরের জীববৈচিত্র্যের জন্য মারাত্মক হুমকি তৈরি করেছে। এতে দেশীয় মাছের উৎপাদন কমে যাওয়ার পাশাপাশি জলজ পরিবেশও ক্ষতিগ্রস্ত হচ্ছে।
এ বিষয়ে মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুল ইসলাম হারুন বলেন, এসব অবৈধ জালের কারণে হাওরের মাছ ধ্বংস হচ্ছে। সময়মতো কঠোর ব্যবস্থা না নিলে ভবিষ্যতে দেশীয় মাছ সংকটে পড়বে।
তিনি আরও বলেন, এ ঘটনায় আটক সোহেল মিয়ার বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং তাকে আদালতে পাঠানো হবে।
সিএ/এমই


