যশোরের অভয়নগরে বাসা ভাড়া সংক্রান্ত বিরোধের জেরে আনিছুর রহমান (৫৫) নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বুধবার (৬ মে) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নওয়াপাড়া এলাকার আনিছ প্লাজার সামনে হামলার ঘটনা ঘটে।
নিহত আনিছুর রহমান সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার বাসিন্দা এবং মৃত আব্দুল মজিদের ছেলে। দীর্ঘদিন ধরে তিনি নওয়াপাড়ায় ব্যবসা পরিচালনা করে আসছিলেন। স্থানীয়দের কাছে তিনি পরিচিত ব্যবসায়ী ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, নওয়াপাড়া পীরবাড়ি এলাকার শাহ জুনায়েদের ছেলে শাহ মাহমুদ আনিছ প্লাজায় একটি বাসা ভাড়া নিতে আগ্রহ প্রকাশ করেন। তবে কোনো কারণে আনিছুর রহমান তাকে বাসা ভাড়া দিতে রাজি হননি। এ নিয়ে কয়েকদিন ধরে উভয়ের মধ্যে বিরোধ চলছিল।
ঘটনার দিন সন্ধ্যায় বিষয়টি নিয়ে ফের তাদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে শাহ মাহমুদ সঙ্গে থাকা একটি চাইনিজ কুড়াল দিয়ে আনিছুর রহমানের মাথা ও মুখে এলোপাতাড়ি কোপ দেন বলে অভিযোগ করেছেন প্রত্যক্ষদর্শীরা। হামলায় গুরুতর আহত হয়ে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন তিনি।
পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান। খুলনায় চিকিৎসাধীন অবস্থায় তার শারীরিক অবস্থার আরও অবনতি হলে ঢাকায় স্থানান্তরের পরামর্শ দেওয়া হয়। পরে অ্যাম্বুল্যান্সে ঢাকায় নেওয়ার পথে বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে তার মৃত্যু হয়।
হত্যাকাণ্ডের পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন এবং তদন্ত শুরু করেন।
পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
সিএ/এমই


