ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় ধান মাড়াইয়ের কাজ করার সময় বিদ্যুৎস্পর্শে শামীম হোসেন (১৯) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় বাবু নামে আরও একজন যুবক আহত হয়েছেন। বুধবার (৬ মে) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার বেথুলী গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শামীম হোসেন ওই গ্রামের আরিফুল ইসলামের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে স্যালোইঞ্জিনচালিত ট্রলিগাড়িতে ধান পরিবহন করে একটি মাড়াই মেশিনের কাছে আনা হয়। ধান নামানোর সময় হঠাৎ ভারী ধানের বোঝা মেশিনের ওপর পড়ে যায়। ওই সময় বিদ্যুৎচালিত ধান মাড়াই মেশিনে কাজ করছিলেন শামীম ও বাবু। হঠাৎ বিদ্যুৎস্পর্শে তারা দুজনই গুরুতর আহত হন।
স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শামীম হোসেনকে মৃত ঘোষণা করেন। আহত বাবুকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়।
কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. সোহেল রানা জানান, হাসপাতালে আনার আগেই শামীম হোসেনের মৃত্যু হয়। আহত বাবুর অবস্থা বিবেচনায় তাকে যশোরে স্থানান্তর করা হয়েছে।
কালীগঞ্জ থানার ওসি জেল্লাল হোসেন বলেন, ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানা গেছে।
সিএ/এমই


