সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ছয়টি পরিবার নিঃস্ব হয়ে গেছে। এতে নগদ টাকা, স্বর্ণালংকার, ধান, জমির দলিলসহ মূল্যবান জিনিসপত্র পুড়ে প্রায় ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
মঙ্গলবার (৫ মে) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার ফতেপুর ইউনিয়নের নোয়াগাঁও গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সদস্যরা জানিয়েছেন, আগুনে ঘরের সবকিছু পুড়ে যাওয়ায় তাদের গায়ে থাকা কাপড় ছাড়া আর কিছুই অবশিষ্ট নেই। বর্তমানে তারা খোলা আকাশের নিচে অবস্থান করছেন।
ক্ষতিগ্রস্তরা হলেন রমেন্দ্র তালুকদার (৭০), রাকেশ তালুকদার (৬৮), রনজিত তালুকদার (৬৫), রতিন্দ্র তালুকদার (৬০), রতিশ তালুকদার (৪৮)সহ একই পরিবারের অন্যান্য সদস্যরা। তারা নোয়াগাঁও গ্রামের মৃত রমেশ তালুকদারের সন্তান।
স্থানীয়রা জানান, হঠাৎ একটি বাড়িতে পল্লী বিদ্যুতের মিটার থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন আশপাশের বাড়িতে ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিস আসার আগেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করলেও ততক্ষণে ব্যাপক ক্ষতি হয়ে যায়।
আগুনে নগদ টাকা, স্বর্ণালংকার, ধান, জমির দলিলসহ ঘরের আসবাবপত্র এবং শিশুদের বই-খাতাও পুড়ে যায়। এতে পুরো এলাকা শোকের ছায়া নেমে এসেছে।
বিশ্বম্ভরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল মতিন খান জানান, ক্ষতিগ্রস্তদের সহায়তায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
সিএ/এমই


