মেহেরপুরের গাংনী উপজেলার তেঁতুলবাড়িয়া গ্রামে একটি বোমাসদৃশ বস্তু ও হুমকিমূলক চিরকুট উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৬ মে) ভোরে সানোয়ার হোসেন পলাশের বাড়ির মূল ফটকের সামনে থেকে বস্তুটি উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে হাঁটতে বের হয়ে সানোয়ার হোসেনের চাচাতো ভাই শামীম একটি কালো টেপ মোড়ানো সন্দেহজনক বস্তু দেখতে পান। বস্তুটির গায়ে লেখা ছিল—‘হাত দিলেই ব্লাস্ট, ভালো থাকিস, বাই বাই’—এমন হুমকিমূলক বার্তা।
বিষয়টি তিনি সানোয়ার হোসেনকে জানালে তাৎক্ষণিকভাবে পুলিশকে অবহিত করা হয়। পরে গাংনী থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বস্তুটি উদ্ধার করে। নিরাপত্তার স্বার্থে সেটি পানিভর্তি একটি বালতিতে সংরক্ষণ করা হয়েছে।
গাংনী থানার পরিদর্শক (তদন্ত) আল মামুন জানান, উদ্ধার হওয়া বস্তুটি পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে এবং এর প্রকৃতি সম্পর্কে নিশ্চিত হওয়ার চেষ্টা চলছে।
এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
স্থানীয়দের অভিযোগ, গত কয়েক দিন ধরে একই এলাকায় এ ধরনের বোমাসদৃশ বস্তু ও হুমকিমূলক চিরকুট রেখে আতঙ্ক সৃষ্টির চেষ্টা করা হচ্ছে। বিশেষ করে গাংনী উপজেলার মটমোড়া ও তেঁতুলবাড়িয়া ইউনিয়নে একাধিকবার এমন ঘটনা ঘটেছে বলে জানা গেছে।
ঘটনার পর পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।
সিএ/এমই


