গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (৪ মে) সকালে বিষয়টি নিশ্চিত করেন হাসপাতালের পরিচালক ডা. মো. আমিনুল ইসলাম। হাসপাতালটিতে সাম্প্রতিক সময়ে হামের উপসর্গে আক্রান্ত শিশুদের সংখ্যা দ্রুত বাড়ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
মৃত দুই শিশুর মধ্যে একজন গাজীপুরের বাসন চৌরাস্তা এলাকার জাকির হোসেনের ৯ মাস বয়সী ছেলে মো. রাইয়ান এবং অপরজন শ্রীপুরের মাওনা এলাকার খোকন মিয়ার ৫ মাস বয়সী ছেলে সিফাত হোসেন। হাসপাতাল সূত্রে জানা গেছে, রবিবার সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, হামে আক্রান্ত শিশুদের চিকিৎসার জন্য একটি পৃথক আইসোলেশন ওয়ার্ড চালু করা হয়েছে। তবে রোগীর সংখ্যা ধারণক্ষমতার তুলনায় প্রায় তিনগুণ বেড়ে যাওয়ায় ওয়ার্ডের বাইরে বারান্দা ও অন্যান্য স্থানে চিকিৎসা দিতে হচ্ছে।
ডা. মো. আমিনুল ইসলাম বলেন, হামের উপসর্গ নিয়ে হাসপাতালে রোগী বাড়ছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ২১ জন শিশু ভর্তি হয়েছে এবং চিকিৎসা শেষে ১৬ জন বাড়ি ফিরেছে। একই সময়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। বর্তমানে হাসপাতালে মোট ৪৭ জন শিশু চিকিৎসাধীন রয়েছে।
এদিকে রোগীদের স্বজনরা অভিযোগ করেছেন, হাসপাতালে পর্যাপ্ত শয্যার অভাব রয়েছে এবং এনআইসিইউ সুবিধা না থাকায় গুরুতর অসুস্থ শিশুদের চিকিৎসা ব্যাহত হচ্ছে। বারান্দায় চিকিৎসা দেওয়ার কারণে সংক্রমণ ছড়িয়ে পড়ার ঝুঁকিও বাড়ছে বলে তারা আশঙ্কা প্রকাশ করেছেন।
সিএ/এমই


