নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে দেশীয় আগ্নেয়াস্ত্র, ইয়াবা ও গাঁজাসহ ছয়জনকে আটক করা হয়েছে। সোমবার (৫ ডিসেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছে কোম্পানীগঞ্জ থানা পুলিশ।
পুলিশ জানায়, রবিবার (৭ ডিসেম্বর) রাত ১২টার দিকে উপজেলার চরএলাহী ইউনিয়নের বাদামতলি বাজার সংলগ্ন এলাকায় এবং একই এলাকার একটি বাড়িতে পৃথক অভিযান চালানো হয়। অভিযানে মাদক ও আগ্নেয়াস্ত্রসহ তাদের আটক করা হয়।
আটকদের মধ্যে রয়েছেন চরএলাহী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের আব্দুস শহীদ স্বপন (৫০), ওসমান গনি ওরফে সেলিম (৪৫), ৩ নম্বর ওয়ার্ডের আলমগীর হোসেন ওরফে সানা উল্লাহ (৪৫) এবং বেগমগঞ্জের রাজগঞ্জ ইউনিয়নের মো. আজাদ হোসেন স্বপন (৪০)। এছাড়া আরও দুইজনের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
পুলিশ সূত্রে জানা গেছে, অভিযানে একটি দেশীয় তৈরি এলজি, ১৬৭ পিস ইয়াবা এবং ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পৃথক আরেকটি অভিযানে আরও ২০ পিস ইয়াবা ও ৫০ গ্রাম গাঁজা জব্দ করা হয়েছে।
স্থানীয়দের দাবি, আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। তাদের মধ্যে একজনের বিরুদ্ধে আগ্নেয়াস্ত্র প্রদর্শনের অভিযোগও রয়েছে বলে জানা গেছে।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল হাকিম বলেন, এ ঘটনায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
সিএ/এমই


