সিরাজগঞ্জ সদর উপজেলায় একটি প্রাথমিক বিদ্যালয়ের ভবনের ছাদ থেকে পড়ে মো. বায়েজিদ (১০) নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার (৪ মে) সকালে উপজেলার সয়দাবাদ ইউনিয়নের হাট সারটিয়া প্রাথমিক বিদ্যালয়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত বায়েজিদ সারটিয়া কলেজপাড়ার বাসিন্দা নজরুল ইসলামের ছেলে। সে ওই বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছিল বলে জানা গেছে।
পুলিশ জানিয়েছে, ঘটনার সময় বায়েজিদ বিদ্যালয়ের তিনতলা ভবনের ছাদে উঠে গাছে পানি দিচ্ছিল। এ সময় অসাবধানতাবশত নিচে পড়ে গুরুতর আহত হয় সে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেওয়ার উদ্যোগ নেয়।
সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান বলেন, আশঙ্কাজনক অবস্থায় তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।
সিএ/এমই


