ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান বলেছেন, নগরীর পরিচ্ছন্নতা বজায় রাখতে পরিচ্ছন্নতাকর্মীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাদের নিরলস পরিশ্রমের কারণেই শহর বাসযোগ্য ও পরিচ্ছন্ন থাকে।
সোমবার (৪ মে) সকালে নগর ভবনের অডিটোরিয়ামে আসন্ন বর্ষা মৌসুমকে সামনে রেখে প্রায় আড়াই হাজার পরিচ্ছন্নতাকর্মীর মাঝে রেইনকোটসহ ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
প্রশাসক বলেন, পরিচ্ছন্নতাকর্মীরা সবচেয়ে বেশি কষ্ট করে নগর পরিষ্কার রাখেন। তাদের কাজের প্রতি সিটি করপোরেশন বিশেষভাবে নজর রাখছে এবং ভবিষ্যতে আরও সম্মাননা ও সুবিধা দেওয়ার পরিকল্পনা রয়েছে।
তিনি আরও বলেন, বর্ষা মৌসুমে প্রতিকূল আবহাওয়ার মধ্যেও যাতে কর্মীরা নির্বিঘ্নে দায়িত্ব পালন করতে পারেন, সে লক্ষ্যেই এই সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। ডিএনসিসি সবসময় পরিচ্ছন্নতাকর্মীদের পাশে থাকবে বলেও তিনি আশ্বাস দেন।
অনুষ্ঠানে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, পরিচ্ছন্নতাকর্মীদের নিরাপত্তা ও কর্মপরিবেশ উন্নত করতে ধারাবাহিকভাবে বিভিন্ন ধরনের সহায়তা দেওয়া হচ্ছে।
সিএ/এমই


