জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম অভিযোগ করেছেন, ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত নির্বাচনে সংস্কারের পক্ষে জনগণ যে মতামত দিয়েছে, বর্তমান সরকার তা অস্বীকার করছে। তাঁর দাবি, গণভোটের ফলাফল এবং জুলাই সনদের প্রতিশ্রুতি বাস্তবায়ন না করে সরকার জনগণের প্রত্যাশার সঙ্গে প্রতারণা করছে।
জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে এনসিপির মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত ‘জুলাই পদযাত্রা’র উদ্বোধনী সমাবেশে তিনি এসব কথা বলেন। সোমবার বিকেলে গাজীপুরের কালীগঞ্জ শ্রমিক কলেজ এলাকা থেকে পদযাত্রাটি শুরু হয়।
সমাবেশে নাহিদ ইসলাম বলেন, ‘ফেব্রুয়ারিতে বাংলাদেশে একটি নির্বাচন হয়েছে। সেখানে দুইটা নির্বাচন ছিল; গণভোট এবং এমপিকে ভোট দেওয়া হয়েছে। গণভোট ছিল সংস্কারের পক্ষে–বিপক্ষে। বাংলাদেশের ৭০ শতাংশ মানুষ ‘হ্যাঁ’–এর পক্ষে ভোট দিয়েছে, সংস্কারের পক্ষে ভোট দিয়েছে। কিন্তু এই বিএনপি সরকার গণভোট এবং জুলাই সনদকে এখন অস্বীকার করছে। জনগণের সঙ্গে প্রতারণা করছে। জাতির সঙ্গে গাদ্দারি এবং বিশ্বাসঘাতকতা করছে।’
বক্তব্যে তিনি পাঁচ দফা দাবি তুলে ধরেন। তিনি বলেন, ‘আমরা পাঁচটি দাবি নিয়ে এসেছি। এই গণভোটের গণরায় বাস্তাবায়ন করতে হবে, যার মাধ্যমে সংস্কার করতে হবে। দেশের পরিবর্তন করতে হবে যেটা আমার আপনার আকাঙ্ক্ষা ছিল জুলাই গণ–অভ্যুত্থানে। যে পরিবর্তনের জন্য আমরা শেখ হাসিনার বিরুদ্ধে রাজপথে নেমেছিলাম। দ্বিতীয়ত, আমরা তরুণদের কর্মসংস্থানের দাবি জানিয়েছি।’
বিদ্যুৎ সংকটের বিষয়েও সমালোচনা করেন এনসিপির আহ্বায়ক। তিনি বলেন, ‘দৈনিক সাত থেকে আট ঘণ্টা লোডশেডিং হয়, এই লোডশেডিং সমস্যার সমাধান করতে হবে। এই সরকার কমিটমেন্ট করেছিল, প্রতিশ্রুতি দিয়েছিল—বিদ্যুৎ সমস্যার সমাধান করবে; কিন্তু তারা যে বাজেট দিয়েছে, তাতে এমন কিছু নেই, যাতে তারা বিদ্যুতের সমস্যা সমাধান করতে পারবে। ঘরে ঘরে বিদ্যুৎ দিতে হবে।’
এ ছাড়া দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নকে তাঁর দাবির অন্যতম অংশ হিসেবে উল্লেখ করেন নাহিদ ইসলাম।
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বক্তব্য দিতে গিয়ে তিনি সম্প্রতি জাতীয় সংসদে এক সংসদ সদস্যের মন্তব্যের প্রসঙ্গ টানেন। নাহিদ ইসলাম বলেন, ‘কিছু দিন স্বারাষ্ট্রমন্ত্রীকে তাঁর নিজের দলের এমপি বলেছেন, মাদক কারবারির সূতিকাগার সেই কক্সবাজার থেকে। স্বরাষ্ট্র্রমন্ত্রী তাঁর নিজের এলাকায় মাদক বন্ধ করতে পারেন না, তিনি সারা দেশের মাদক কীভাবে বন্ধ করবেন। তিনি সারা দেশের আইনশৃঙ্খলা কীভাবে ঠিক করবেন।’
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনসিপির সদস্যসচিব আখতার হোসেন, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, জাতীয় যুবশক্তির সভাপতি তারিকুল ইসলাম এবং সাংগঠনিক সম্পাদক রিফাত রশীদ। এছাড়া উপস্থিত ছিলেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক আলী নাসের খান, গাজীপুর জেলা এনসিপির আহ্বায়ক ও কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী এম এম শোয়াইব, গাজীপুর মহানগর এনসিপির সদস্যসচিব আবদুল্লাহ আল মুহিম, গাজীপুর জেলা এনসিপির সদস্যসচিব খন্দকার আল আমিন, জেলা ছাত্রশক্তির আহ্বায়ক বশির আহমেদসহ দলটির কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।
আয়োজকদের ভাষ্য, জুলাই পদযাত্রাকে ঘিরে এনসিপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের কেন্দ্রীয়, মহানগর ও জেলা পর্যায়ের নেতারা সমাবেশে অংশ নেন। কর্মসূচি সফল করতে সর্বস্তরের মানুষের অংশগ্রহণেরও আহ্বান জানানো হয়েছে।
সিএ/এমআর


