সাধারণ মানুষের কল্যাণে প্রণীত বাজেটকে কিছু মহল ‘চানাচুর’ ও ‘গণবিরোধী’ বলে আখ্যায়িত করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন তারেক রহমান। তিনি বলেন, সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচির জন্য বরাদ্দ রাখা হলেও কিছু মানুষ তা গ্রহণ করতে পারছে না।
বুধবার সিলেটের শ্রীমঙ্গলে ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, নির্বাচনী প্রচারণার সময় চা বাগানের নারী শ্রমিকদের হাতে ফ্যামিলি কার্ড তুলে দেওয়ার যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, সরকার তা বাস্তবায়ন শুরু করেছে।
তিনি বলেন, দেশের উন্নয়ন ও অগ্রগতির জন্য নারী-পুরুষ সবাইকে সমানভাবে এগিয়ে নিতে হবে। নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী না করলে সামগ্রিক উন্নয়ন সম্ভব নয়। সে লক্ষ্যেই ফ্যামিলি কার্ড কর্মসূচি চালু করা হয়েছে।
বাজেট প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, সরকার ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, শিক্ষার্থীদের খেলাধুলা, চিকিৎসা এবং বিভিন্ন সামাজিক খাতে অর্থ বরাদ্দ দিয়েছে। অথচ কিছু মানুষ এই বাজেটকে ‘চানাচুর’ বলে সমালোচনা করছে।
তিনি আরও বলেন, যে বাজেট সাধারণ মানুষের জীবনমান উন্নয়নের লক্ষ্য নিয়ে তৈরি হয়েছে, তাকে গণবিরোধী বলা বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। যারা এমন মন্তব্য করছেন, তাদের বিষয়ে জনগণকে সচেতন থাকার আহ্বান জানান তিনি।
প্রধানমন্ত্রী বলেন, সরকার ৬০টি পণ্যের শুল্ক প্রত্যাহারের মতো পদক্ষেপ নিয়েছে। এসব উদ্যোগের লক্ষ্য জনগণের ওপর আর্থিক চাপ কমানো এবং অর্থনৈতিক কার্যক্রমকে গতিশীল করা।
ভাষণে তিনি আরও বলেন, জনগণের অর্থ জনগণের কল্যাণেই ব্যয় করা হবে। অর্থ পাচার রোধে সরকার কঠোর অবস্থানে রয়েছে এবং দেশের সম্পদ দেশের মানুষের উন্নয়নে ব্যবহার করা হবে। যারা অর্থ পাচারের সঙ্গে জড়িত, তাদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বানও জানান তিনি।
গণতন্ত্র ও উন্নয়ন রক্ষায় জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, জনগণ সচেতন ও ঐক্যবদ্ধ থাকলে কোনো অপশক্তিই গণতান্ত্রিক অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে পারবে না।
সিএ/এমআর


