আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে টানা সাত দিনের ছুটি ঘোষণা করেছে সরকার। মন্ত্রিপরিষদ বিভাগের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় বাংলাদেশ সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার সপ্তম বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত ঈদের ছুটি থাকবে। তবে ২৩ ও ২৪ মে সরকারি অফিস খোলা রাখা হবে।
এদিকে সংযুক্ত আরব আমিরাতে জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী ঈদুল আজহার সম্ভাব্য তারিখও প্রকাশ করা হয়েছে। আমিরাত অ্যাস্ট্রোনমি সোসাইটির চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান জানিয়েছেন, আগামী ১৭ মে দিবাগত রাতে জিলহজ মাসের চাঁদ দেখা যেতে পারে।
তার ভাষ্য অনুযায়ী, আকাশ পরিষ্কার থাকলে ১৮ মে জিলহজ মাসের প্রথম দিন হওয়ার সম্ভাবনা রয়েছে। সে হিসেবে ২৬ মে আরাফার দিন এবং ২৭ মে মধ্যপ্রাচ্যে ঈদুল আজহা উদযাপিত হতে পারে।
বাংলাদেশে সাধারণত মধ্যপ্রাচ্যের একদিন পর ঈদ উদযাপিত হয়। সেই হিসাবে দেশে ২৮ মে ঈদুল আজহা পালিত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নির্ভর করবে বাংলাদেশের আকাশে চাঁদ দেখার ওপর।
সূত্র: মন্ত্রিপরিষদ বিভাগ
সিএ/এমআর


