মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতির মধ্যে সৌদি আরব থেকে বিপুল পরিমাণ অপরিশোধিত তেল নিয়ে একটি ট্যাংকার বাংলাদেশের জলসীমায় প্রবেশ করেছে। ‘এমটি নিনেমিয়া’ নামের জাহাজটি প্রায় ১ লাখ ৩৯৫ টন ক্রুড অয়েল বহন করছে।
জাহাজটি চট্টগ্রামের বহির্নোঙরে পৌঁছানোর পর প্রয়োজনীয় কাস্টমস ও সার্ভেয়ার কার্যক্রম সম্পন্ন করা হবে। এরপর লাইটারিং প্রক্রিয়ার মাধ্যমে ছোট ট্যাংকারে করে তেল ইস্টার্ন রিফাইনারিতে নেওয়া হবে। সেখানে শুরু হবে পরিশোধন কার্যক্রম।
উল্লেখ্য, গত ১২ এপ্রিল ক্রুড অয়েলের মজুত শেষ হয়ে যাওয়ায় ইস্টার্ন রিফাইনারির কার্যক্রম বন্ধ হয়ে যায়। এই পরিস্থিতিতে নতুন তেলের চালানটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন জানিয়েছে, আরও একটি জাহাজে করে এক লাখ টন অপরিশোধিত তেল দেশে আনার প্রস্তুতি চলছে। তবে হরমুজ প্রণালির পরিস্থিতির কারণে সেটি সৌদি আরবের রাস তানুরা বন্দরে আটকে আছে।
এই চালান দেশে পৌঁছালে জ্বালানি সংকট অনেকটাই কমে আসবে বলে আশা করা হচ্ছে।
সিএ/এমআর


