নারায়ণগঞ্জে গণভোটের পক্ষে জনসমর্থন আদায়ে ভোটের গাড়ি নিয়ে প্রচারণা চালিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। ‘মুক্তির মূল সনদ গণভোট, গণভোটে হ্যাঁ বলি সংস্কারের সাথে চলি’ এই স্লোগানকে সামনে রেখে বুধবার (২৮ জানুয়ারি) বেলা সাড়ে ১১টা থেকে নগরীর সাইনবোর্ড এলাকা থেকে প্রচারণা কার্যক্রম শুরু হয়।
এরপর ভোটের গাড়িটি ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের ভূইগড় ও জালকুড়ি হয়ে ফতুল্লার পাগলা, পঞ্চবটি ও কাশিপুর এলাকা প্রদক্ষিণ করে। সবশেষ নগরীর প্রাণকেন্দ্র চাষাড়ায় প্রদক্ষিণের মধ্য দিয়ে এই প্রচারণা শেষ হয়। এনসিপির উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে বিভিন্ন এলাকার মানুষ স্বতঃস্ফূর্তভাবে আগ্রহ দেখান।
প্রচারণাকালে গাড়িতে নির্বাচনী গান পরিবেশন করা হয় এবং বড় পর্দায় বিভিন্ন ভিডিও চিত্র প্রদর্শন করা হয়। এতে পথচারী ও স্থানীয় বাসিন্দাদের দৃষ্টি আকর্ষণ করে। অনেককে প্রচারণার প্রতি সাড়া দিতে দেখা যায়।
এনসিপির নেতারা জানান, আসন্ন গণভোটে ‘হ্যাঁ’ ভোটকে বিজয়ী করতেই এই ভোটের গাড়ি নিয়ে মাঠে নামা হয়েছে। তাদের দাবি, গণভোটের মাধ্যমে রাষ্ট্রীয় সংস্কারের পথে এগিয়ে যাওয়ার বিষয়ে জনগণের মধ্যে ইতিবাচক বার্তা পৌঁছে দিতেই এই উদ্যোগ।
প্রচারণা কর্মসূচিতে উপস্থিত ছিলেন এনসিপির কেন্দ্রীয় কমিটির সংগঠক ও নির্বাচন পরিচালনা কমিটির কেন্দ্রীয় সদস্য শওকত আলী এবং জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় সংগঠক নিরব রায়হানসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
সিএ/এএ


