বদরুল ইসলাম (বরগুনা)
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না’তে মুস্তফা’। এ আয়োজনে সুরের মূর্ছনা ছড়াবেন বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) ক্বারি ও নাশিদশিল্পী এ এস এম ইয়াহইয়া। তিনি বরগুনার বর্ণতরী উচ্চারণ একাডেমীর সংগীত প্রশিক্ষক।
আগামী ২৪ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার বাদ আসর বরগুনা সদরের কেন্দ্রীয় আবুল হোসেন ঈদগাহ ময়দানে এ আয়োজন অনুষ্ঠিত হবে।
আয়োজক সূত্রে জানা গেছে, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ব বরেণ্য ক্বারি, হিফজ-ক্বিরাত প্রতিযোগিতার আন্তর্জাতিক বিচারক শাইখ আহমদ বিন ইউসুফ আযহারী। তিনি মা’হাদুল কিরাআত ইনস্টিটিউট, ঢাকার মহাপরিচালক এবং আন্তর্জাতিক কুরআন তিলাওয়াত সংস্থা ইকরা, বাংলাদেশের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
মজলিসে না’তে মুস্তফায় এ এস এম ইয়াহইয়া ক্বিরাত, নাশিদ ও না’ত পরিবেশন করবেন। তাঁর মনোমুগ্ধকর কণ্ঠে ইসলামি সংগীত ও না’ত পরিবেশনা অনুষ্ঠানে উপস্থিত শ্রোতাদের হৃদয় ছুঁয়ে যাবে বলে প্রত্যাশা করছেন আয়োজকরা।
এ ছাড়া অনুষ্ঠানে না’ত পরিবেশন করবেন জনপ্রিয় নাশিদ শিল্পী সুর সম্রাট আব্দুল মুনয়িম খান, আবু উবায়দা, মাওলানা আব্দুর রহমান হুসাইনী, মারজান মুহাম্মাদ রুহী (সিলেট) এবং মুহাম্মাদ গোলাম রাব্বী।
অনুষ্ঠানে তালিম প্রদান করবেন আলহাজ হযরত মাওলানা ইয়াকুব ছাহেব (মা.জি.আ.), প্রধান উপদেষ্টা ও তালিমে তরীকত, বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহ, বরগুনা জেলা।
বাংলাদেশ ছাত্র হিযবুল্লাহ, বরগুনা জেলা আয়োজিত এ মজলিসে না’তে মুস্তফাকে ঘিরে
বরগুনার ধর্মপ্রাণ মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি হয়েছে। আয়োজকরা সর্বস্তরের ধর্মপ্রাণ মানুষকে অনুষ্ঠানে উপস্থিত হয়ে না’ত, নাশিদ ও কুরআন তিলাওয়াতের এই আয়োজন উপভোগ করার আহ্বান জানিয়েছেন।


