চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেছেন, বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে কোনো ধরনের বিদেশি হস্তক্ষেপকে চীন সমর্থন করে না। তিনি জানান, এ ধরনের ইস্যুতে বেইজিংয়ের অবস্থান স্পষ্ট এবং অপরিবর্তিত রয়েছে।
বৃহস্পতিবার অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে চীনের রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের সার্বভৌমত্ব ও অভ্যন্তরীণ বিষয়ে চীন সবসময় সম্মানজনক অবস্থান বজায় রাখে এবং অন্য কোনো পক্ষের হস্তক্ষেপকে সমর্থন করে না।
তিনি বলেন, তিস্তা প্রকল্পের বিষয়ে চীনের অবস্থানে কোনো পরিবর্তন আসেনি। নিজেদের সামর্থ্যের মধ্যে থেকে বাংলাদেশকে এই প্রকল্পে সহায়তা অব্যাহত রাখবে চীন। প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে সহযোগিতার প্রতিশ্রুতিও পুনর্ব্যক্ত করেন তিনি।
রাষ্ট্রদূত আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক চীন সফর দুই দেশের সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে গেছে। তাঁর ভাষায়, এ সফরের মাধ্যমে বাংলাদেশ ও চীনের মধ্যে কৌশলগত পর্যায়ে সহযোগিতা আরও শক্তিশালী হয়েছে এবং তিস্তা ইস্যুতেও চীনের সমর্থন অব্যাহত থাকবে।
ইয়াও ওয়েন জানান, আঞ্চলিক সংযোগ সম্প্রসারণের লক্ষ্যে বাংলাদেশ ও চীন নতুন নতুন সম্ভাবনা নিয়ে কাজ করছে। এ উদ্যোগের অংশ হিসেবে দুই দেশের মধ্যে সরাসরি যোগাযোগ ব্যবস্থা এবং চীন-মিয়ানমার-বাংলাদেশ অর্থনৈতিক করিডর উন্নয়নের বিষয়টিও গুরুত্ব পাচ্ছে।
তিনি বলেন, পারস্পরিক সহযোগিতা, অবকাঠামো উন্নয়ন এবং আঞ্চলিক সংযোগ জোরদারের মাধ্যমে দুই দেশের সম্পর্ক আরও গভীর করার বিষয়ে উভয় পক্ষ আগ্রহী।
সিএ/এমআর


