গোপালগঞ্জ শহরের পাচুড়িয়া এলাকায় বেইলি সেতু ভেঙে একটি বালুবাহী ট্রাক খালে পড়ে গেছে। এ সময় একটি ইজিবাইক ও একটি বাইসাইকেলও পানিতে পড়ে যায়। দুর্ঘটনায় ট্রাকচালক, হেলপার এবং ইজিবাইক চালক আহত হয়েছেন।
রবিবার (১৪ জুন, ২০২৬) সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
স্থানীয়দের বরাতে জানা যায়, বালুভর্তি ট্রাকটি শহরের দিক থেকে ঘোনাপাড়ার দিকে যাচ্ছিল। পাচুড়িয়া এলাকায় বেইলি সেতু পার হওয়ার সময় হঠাৎ সেতুটি ভেঙে পড়ে। এতে ট্রাকটি সরাসরি খালে পড়ে যায় এবং পাশাপাশি থাকা ইজিবাইক ও বাইসাইকেলও দুর্ঘটনায় পড়ে।
দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে যান। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত খালে পড়ে যাওয়া ট্রাকটি উদ্ধার করা হয়নি।
সেতু ভেঙে পড়ায় ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে লেকপাড় সড়ক দিয়ে বিকল্প পথে যানবাহন চলাচল করছে।
স্থানীয়রা অভিযোগ করেন, সেতুটির অবস্থা দীর্ঘদিন ধরেই ঝুঁকিপূর্ণ ছিল। তবে কোনো সংস্কার বা মেরামতের কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি বলে দাবি তাদের।
সিএ/এমই


