সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার বেত্রাশীন গ্রামে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে এক পরিবারের ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবার জীবনের নিরাপত্তা চেয়ে তাড়াশ থানা-এ লিখিত অভিযোগ দায়ের করেছে।
অভিযোগ সূত্রে জানা যায়, বেত্রাশীন গ্রামের নজরুল ইসলামের ছেলে রাফির কাছে পাওনা টাকা দাবি করেন জাকারিয়া এইচ দুরন্ত। এ ঘটনাকে কেন্দ্র করে রাফির পরিবারের সদস্যরা, যার মধ্যে তার মা, দুই বড় বোন ও ভাগ্নি রয়েছেন, জাকারিয়া এইচ দুরন্তের বাড়িতে এসে অকথ্য ভাষায় গালিগালাজ করেন।
এক পর্যায়ে তারা জাকারিয়া এইচ দুরন্তের পরিবারের সদস্যদের ওপর হামলা চালান বলে অভিযোগ পাওয়া গেছে। এতে তার বড় আম্মা, ফুফু আম্মা ও চাচাতো বোন মারধরের শিকার হন। স্থানীয় বাজারের সামনে এ ঘটনা ঘটে এবং এর ভিডিও ফুটেজও রয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগীরা।
এ সময় ঘটনাটি ভিডিও ধারণ করতে গেলে মোবাইল ফোন ও মাইক্রোফোন কেড়ে নেওয়া এবং ভাঙচুরের চেষ্টার অভিযোগও ওঠে। পাশাপাশি, ভবিষ্যতে আবার টাকা দাবি করলে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে বলেও অভিযোগে উল্লেখ করা হয়।
পরিস্থিতির পরিপ্রেক্ষিতে জাকারিয়া এইচ দুরন্ত ও তার পরিবার নিজেদের নিরাপত্তার কথা বিবেচনা করে তাড়াশ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।


