বয়সজনিত অসুস্থতা থাকা সত্ত্বেও অনেকেরই পবিত্র উমরা পালনের ইচ্ছা থাকে। তবে সফরসঙ্গী বা মাহরাম না থাকলে এ ক্ষেত্রে জটিলতা তৈরি হয়। সম্প্রতি এমন এক প্রশ্নের জবাবে ইসলামি আলেমরা গুরুত্বপূর্ণ ব্যাখ্যা দিয়েছেন।
একজন প্রশ্নকারী জানান, তাঁর বৃদ্ধা মা দীর্ঘদিন ধরে উমরা পালনের ইচ্ছা পোষণ করছেন। কিন্তু তাঁর বাবা জীবিত নেই এবং সঙ্গে যাওয়ার মতো কোনো ভাইও নেই। এ অবস্থায় তিনি জানতে চান, তাঁর মা কি মেয়ের জামাইয়ের সঙ্গে উমরায় যেতে পারবেন।
ফতোয়া অনুযায়ী, শরিয়তের বিধান অনুসারে জামাতা শাশুড়ির জন্য স্থায়ী মাহরাম হিসেবে গণ্য হন। অর্থাৎ একজন নারী তাঁর জামাতার সঙ্গে নিরাপদভাবে ভ্রমণ করতে পারেন। ফলে ওই নারী তাঁর জামাতার সঙ্গে উমরা পালনে যেতে পারবেন, এতে কোনো ধর্মীয় বাধা নেই।
এ ছাড়া যদি মেয়েও সঙ্গে থাকেন, তবে সফর আরও নিরাপদ ও সুবিধাজনক হয়। বিশেষ করে অসুস্থ বা বয়স্ক ব্যক্তির ক্ষেত্রে এটি গুরুত্বপূর্ণ। সৌদি আরবে অবস্থানের সময় একই ফ্ল্যাটে আলাদা কক্ষে থাকা নিয়েও কোনো বিধিনিষেধ নেই।
বিশেষজ্ঞরা মনে করেন, বয়স্কদের ক্ষেত্রে পরিচিত মাহরামের সঙ্গে থাকা শুধু ধর্মীয় নির্দেশই নয়, বরং তাদের নিরাপত্তা ও সেবার জন্যও প্রয়োজনীয়।
সিএ/এমআর


