লক্ষ্মীপুরের রায়পুরে ব্যাটারিচালিত অটোরিকশা চুরির ঘটনাকে কেন্দ্র করে পুলিশ ও এলাকাবাসীর মধ্যে সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে চারজন পুলিশ সদস্য রয়েছেন। বৃহস্পতিবার রাত ৮টার দিকে রায়পুর আঞ্চলিক সড়কের চৈতাইল্যা দিঘিপাড় এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যায় একটি অটোরিকশা চুরির অভিযোগে এলাকাবাসী চারজনকে আটক করে। পরে পুলিশ ৯৯৯ নম্বরে কল পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আটক ব্যক্তিদের উদ্ধার করে থানায় নিতে চাইলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ব্যাটারি উদ্ধার না হওয়া পর্যন্ত আটক ব্যক্তিদের ছাড়বে না—এমন দাবিতে এলাকাবাসীর সঙ্গে পুলিশের বাগ্বিতণ্ডা শুরু হয়।
একপর্যায়ে সংঘর্ষে রূপ নেওয়া পরিস্থিতিতে ইটপাটকেল নিক্ষেপ ও ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। এতে কয়েকজন পুলিশ সদস্যসহ উভয় পক্ষের বহু মানুষ আহত হন। আহত পুলিশ সদস্যদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ঘটনার পর এলাকাবাসী সড়কে গাছের গুঁড়ি ও বাঁশ ফেলে আগুন জ্বালিয়ে প্রায় সাড়ে তিন ঘণ্টা সড়ক অবরোধ করে রাখে। ফলে দুই কিলোমিটার এলাকাজুড়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে সেনাবাহিনী ও অতিরিক্ত পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পুলিশ জানিয়েছে, আটক চারজন বর্তমানে থানায় হেফাজতে রয়েছে। অটোরিকশা চুরির ঘটনায় মামলা হলে আইনি ব্যবস্থা নেওয়া হবে এবং পুলিশের ওপর হামলার ঘটনায়ও পৃথক মামলা দায়ের করা হবে।
সিএ/এমআর


