অনেকেই কানের ময়লা পরিষ্কার করতে হাতের কাছে পাওয়া কটন বাড, দেশলাইয়ের কাঠি বা বব পিন ব্যবহার করেন। সাময়িকভাবে আরাম পেলেও এই অভ্যাস দীর্ঘমেয়াদে কানের জন্য মারাত্মক ক্ষতির কারণ হতে পারে। চিকিৎসকদের মতে, ভুল পদ্ধতিতে কান পরিষ্কার করাই কানের বিভিন্ন সমস্যার মূল কারণ।
বিশ্বজুড়ে কটন বাড বা কটন সোয়াবের ব্যবহার দ্রুত বাড়ছে। পরিসংখ্যান অনুযায়ী, ২০২৪ সালে এর বাজারমূল্য ছিল ৭৯৫ মিলিয়ন ডলার, যা ২০২৫ সালে বেড়ে দাঁড়ায় ৮২৮ মিলিয়ন ডলারে। অথচ নাক-কান-গলা বিশেষজ্ঞরা বলছেন, কটন বাড কানের ভেতরে ঢোকানো কানের জন্য সবচেয়ে ক্ষতিকর কাজগুলোর একটি।
চিকিৎসাবিজ্ঞানের ভাষায় কান নিজেই একটি স্বয়ংক্রিয় পরিষ্কার ব্যবস্থা। কানের ভেতরে থাকা সিলিয়া নামের ক্ষুদ্র লোম এবং ইয়ার ওয়াক্স বা কানের খইল একসঙ্গে কাজ করে ভেতরের ময়লা ধীরে ধীরে বাইরে ঠেলে দেয়। অনেকেই এই খইলকে ময়লা মনে করে সরিয়ে ফেলতে চান, অথচ এটি কানকে সুরক্ষিত রাখে এবং জীবাণু প্রতিরোধে সাহায্য করে।
কটন বাড বা অন্য কিছু কানে ঢোকালে ময়লা বের হওয়ার বদলে আরও ভেতরে ঢুকে যায়। এতে মোম শক্ত হয়ে জমাট বাঁধে এবং কানের পর্দার ক্ষতির ঝুঁকি বাড়ে। সামান্য ভুলে কানের পর্দা ফেটে গেলে স্থায়ী শ্রবণ সমস্যাও হতে পারে।
বিশেষজ্ঞদের মতে, কানের ভেতরের অংশ পরিষ্কার করার প্রয়োজন নেই। গোসলের সময় শুধু কানের বাইরের অংশ নরম কাপড় দিয়ে পরিষ্কার করলেই যথেষ্ট। অতিরিক্ত ময়লা জমলে নিরাপদ ইয়ার ড্রপ ব্যবহার করা যেতে পারে কিংবা সরাসরি নাক-কান-গলা বিশেষজ্ঞের শরণাপন্ন হওয়াই সবচেয়ে নিরাপদ উপায়।
সিএ/এমআর


