ইউরোপিয়ান ক্লাব ফুটবলের সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রতিযোগিতা চ্যাম্পিয়নস লিগের লিগ পর্ব শেষে আটটি দল সরাসরি শেষ ষোলোতে পৌঁছেছে। এরপর প্লে-অফের নাটকীয় লড়াইয়ের মাধ্যমে আরও আটটি দল নিশ্চিত করেছে শেষ ষোলার টিকিট।
প্লে-অফের সবচেয়ে বড় চমক হিসেবে উঠে এসেছে বোডো/গ্লিমট। প্রথমবার চ্যাম্পিয়নস লিগ খেলতে আসা এই নরওয়েজিয়ান ক্লাব গতবারের রানার্সআপ ইন্টার মিলানকে দুই লেগেই হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করেছে। প্লে-অফে অন্য চমক দেখিয়েছে আতালান্তা। প্রথম লেগে বরুসিয়া ডর্টমুন্ডের কাছে ২–০ গোলে হারের পর, ফিরতি লেগে আতালান্তা ৪–১ গোলে জয়ী হয়ে শেষ ষোলো নিশ্চিত করেছে।
রোমাঞ্চকর লড়াইয়ে গালাতাসারাই জুভেন্টাসকে দুই লেগে ৭–৫ গোলে পরাজিত করে বিদায় দিয়েছে। প্রথম লেগে গালাতাসারাই নিজেদের মাঠে ৫–২ গোলে জিতেছিল। ফিরতি লেগে জুভেন্টাস ৩–০ গোলে এগিয়ে যাওয়ার পর অতিরিক্ত সময়ে দুই গোল করে গালাতাসারাই শেষ ষোলো নিশ্চিত করেছে।
সরাসরি লিগ পর্ব থেকে শেষ ষোলোতে ওঠা দলগুলো হলো: আর্সেনাল, বায়ার্ন মিউনিখ, লিভারপুল, টটেনহাম, বার্সেলোনা, চেলসি, স্পোর্টিং লিসবন ও ম্যানচেস্টার সিটি।
প্লে-অফ থেকে শেষ ষোলোতে ওঠা দলগুলো হলো: আতালান্তা, আতলেতিকো মাদ্রিদ, বায়ার লেভারকুসেন, বোডো/গ্লিমট, নিউক্যাসল, গালাতাসারাই, পিএসজি ও রিয়াল মাদ্রিদ।
শেষ ষোলোর ড্র শুক্রবার বাংলাদেশ সময় বিকেল ৫টায় সুইজারল্যান্ডের হাউস অব ইউরোপিয়ান ফুটবল ভবনে অনুষ্ঠিত হবে। ড্রয়ের মাধ্যমে প্রতিটি দলকে জোড়ায় ভাগ করা হয়েছে এবং সরাসরি লিগ পর্ব থেকে ওঠা দলগুলো দ্বিতীয় লেগ নিজেদের মাঠে খেলবে। সম্ভাব্য লড়াইগুলো হতে পারে—
- আর্সেনাল/বায়ার্ন মিউনিখ বনাম আতালান্তা/বায়ার লেভারকুসেন
- বার্সেলোনা/চেলসি বনাম পিএসজি/নিউক্যাসল
- লিভারপুল/টটেনহাম বনাম আতলেতিকো মাদ্রিদ/গালাতাসারাই
- ম্যানচেস্টার সিটি/স্পোর্টিং লিসবন বনাম বোডো/গ্লিমট/রিয়াল মাদ্রিদ
ড্র ও নিয়ম আগের মৌসুমের মতোই থাকবে। দুই লেগ মিলিয়ে যে দল অ্যাগ্রিগেট স্কোরে এগিয়ে থাকবে, তারাই পরের পর্বে উঠবে। সমতার ক্ষেত্রে অতিরিক্ত সময় এবং প্রয়োজনে পেনাল্টি শুটআউটের মাধ্যমে ফল নির্ধারিত হবে।
চ্যাম্পিয়নস লিগের পরবর্তী ধাপের সূচি:
- শেষ ষোলো: ১০/১১ ও ১৭/১৮ মার্চ, ২০২৬
- কোয়ার্টার ফাইনাল: ৭/৮ ও ১৪/১৫ এপ্রিল, ২০২৬
- সেমিফাইনাল: ২৮/২৯ এপ্রিল ও ৫/৬ মে, ২০২৬
- ফাইনাল: ৩০ মে, ২০২৬ (বুদাপেস্ট)
সিএ/এমই


