রমজানে সারাদিন রোজা রাখার পর ইফতারের সময় স্বস্তি এলেও অনেকেই ইফতারের কিছুক্ষণ পর মাথাব্যথায় ভোগেন। কারও ক্ষেত্রে হালকা চাপধরা ব্যথা, আবার কারও ক্ষেত্রে তীব্র মাইগ্রেনের মতো যন্ত্রণা দেখা দেয়। চিকিৎসকরা বলছেন, রোজার সময় খাদ্যাভ্যাস ও জীবনযাপনের পরিবর্তনের কারণে এই সমস্যা হতে পারে।
বিশেষজ্ঞদের মতে, দীর্ঘক্ষণ না খেয়ে থাকার ফলে রক্তে শর্করার মাত্রা কমে যাওয়া ইফতারের পর মাথাব্যথার একটি প্রধান কারণ। ইফতারের সময় হঠাৎ বেশি খাবার গ্রহণ করলে শরীরে রক্তসঞ্চালন ও হরমোনের দ্রুত পরিবর্তন ঘটে, যা মাথাব্যথা সৃষ্টি করতে পারে। ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে এই ঝুঁকি তুলনামূলক বেশি।
পানিশূন্যতাও বড় একটি কারণ। সারাদিন পানি না খাওয়ার ফলে শরীরে পানির ঘাটতি তৈরি হয়। ইফতারে যদি পর্যাপ্ত পানি না খেয়ে ভাজাপোড়া ও চিনিযুক্ত খাবার বেশি খাওয়া হয়, তাহলে মাথাব্যথা আরও তীব্র হতে পারে।
অতিরিক্ত তেল-চর্বিযুক্ত ও মশলাদার খাবার খেলে পরিপাকতন্ত্রের ওপর চাপ পড়ে। এতে রক্তের প্রবাহ মস্তিষ্ক থেকে সাময়িকভাবে সরে গিয়ে মাথাব্যথার সৃষ্টি হতে পারে। নিয়মিত চা বা কফি পানকারীদের ক্ষেত্রে ক্যাফেইন না পাওয়ার কারণেও মাথাব্যথা দেখা দিতে পারে।
রমজানে ঘুমের সময়সূচি বদলে যাওয়াও একটি গুরুত্বপূর্ণ কারণ। ঘুমের ঘাটতি বা অনিয়ম মাইগ্রেনসহ বিভিন্ন ধরনের মাথাব্যথা বাড়িয়ে দিতে পারে।
বিশেষজ্ঞরা পরামর্শ দিচ্ছেন, ইফতার ধীরে ও পরিমিতভাবে করার, পর্যাপ্ত পানি পান করার এবং ভাজাপোড়া ও অতিরিক্ত মিষ্টি কমানোর। নিয়মিত ঘুম, হালকা হাঁটা ও প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিলে এই সমস্যা অনেকটাই নিয়ন্ত্রণে রাখা সম্ভব।
সিএ/এমআর


