রমজান মাসে সাহ্রির খাবার নির্বাচন শরীর সুস্থ রাখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ঠান্ডা সবজি হিসেবে পরিচিত চালকুমড়া দিয়ে মসুর ডাল রান্না করলে একদিকে যেমন পুষ্টি পাওয়া যায়, অন্যদিকে দীর্ঘ সময় শরীর সতেজ থাকে। এই রেসিপি দিয়েছেন জেবুন্নেসা বেগম।
এই রান্নার জন্য প্রয়োজন চালকুমড়া একটি, মসুর ডাল এক কাপ, আদাবাটা আধা চা-চামচ, রসুনবাটা এক চা-চামচ, হলুদগুঁড়া এক চা-চামচ, মরিচগুঁড়া আধা চা-চামচ, মেথি আধা চা-চামচ, লবণ পরিমাণমতো, তেল দেড় টেবিল চামচ, কয়েকটি কাঁচা মরিচ, একটি টমেটো, ধনেপাতাকুচি এক টেবিল চামচ এবং পেঁয়াজকুচি এক টেবিল চামচ।
প্রথমে কড়াইয়ে তেল গরম করে পেঁয়াজকুচি, মেথি, আদাবাটা ও রসুনবাটা দিয়ে ভালোভাবে কষাতে হবে। এরপর হলুদগুঁড়া, মরিচগুঁড়া ও লবণ দিয়ে নেড়ে মসুর ডাল যোগ করে কয়েক মিনিট ভাজতে হবে। প্রয়োজন অনুযায়ী অল্প পানি দিয়ে ডাল সেদ্ধ হলে চালকুমড়ার টুকরা দিয়ে নেড়ে ঢেকে রাখতে হবে।
ডাল ও চালকুমড়া সেদ্ধ হয়ে এলে টমেটো টুকরা যোগ করতে হবে। সবশেষে কাঁচা মরিচ ও ধনেপাতাকুচি দিয়ে নামিয়ে নিলেই প্রস্তুত হবে সাহ্রির জন্য উপযোগী এই স্বাস্থ্যকর পদ।
সিএ/এমআর


