দেশের বিভিন্ন অঞ্চলে বৃহস্পতিবার দুপুরের মধ্যে অস্থায়ী ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ কারণে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে সতর্ক থাকতে বলা হয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের নদীবন্দর সতর্কবার্তায় বলা হয়েছে, রংপুর, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।
একই সঙ্গে এসব অঞ্চলে বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে। ফলে নদীপথে চলাচলকারী নৌযান ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত কার্যকর এই সতর্কবার্তায় উল্লিখিত এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত প্রদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে। আবহাওয়ার পরিস্থিতি পর্যবেক্ষণ করে প্রয়োজন অনুযায়ী পরবর্তী নির্দেশনা দেওয়া হতে পারে বলেও জানিয়েছে অধিদপ্তর।
বর্ষা মৌসুমে দেশের বিভিন্ন অঞ্চলে আকস্মিক ঝড় ও বজ্রবৃষ্টির প্রবণতা বাড়তে থাকায় সাধারণ মানুষকেও প্রয়োজন ছাড়া খোলা স্থানে অবস্থান না করার পরামর্শ দিয়েছেন আবহাওয়াবিদরা।
সিএ/এমআর


