বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী তালিকাভুক্তির প্রথম ধাপের এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ব্যারিস্টার জাইমা রহমান। শুক্রবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি নিজেই এ তথ্য জানিয়েছেন।
নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া স্টোরিতে জাইমা রহমান লিখেছেন, “আলহামদুলিল্লাহ, আমি আপনাদের কাছে ছোট একটি ব্যক্তিগত সাফল্যের কথা শেয়ার করতে চাই। আমার দেশে আইন প্র্যক্টিসের জন্য আজ বাংলাদেশ বার কাউন্সিলের প্রথম ধাপ এমসিকিউ পরীক্ষায় অংশ নিই। আল্লাহর রহমতে সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি।”
জানা গেছে, তিনি রাজধানীর বিএএফ শাহীন কলেজ কেন্দ্র থেকে পরীক্ষায় অংশ নেন। একই দিন রাতে বাংলাদেশ বার কাউন্সিল আনুষ্ঠানিকভাবে পরীক্ষার ফল প্রকাশ করে।
প্রকাশিত ফল অনুযায়ী, এ বছরের এমসিকিউ পরীক্ষায় মোট ৯ হাজার ২০১ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন। পরীক্ষায় আবেদন করেছিলেন ৩৭ হাজার ৮০ জন।
বাংলাদেশে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হওয়ার জন্য প্রার্থীদের তিনটি ধাপ অতিক্রম করতে হয়। প্রথমে এমসিকিউ পরীক্ষা, এরপর লিখিত এবং সবশেষে মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়।
সব ধাপ সফলভাবে সম্পন্ন করার পর প্রার্থীরা আইন পেশায় যুক্ত হওয়ার সুযোগ পান। তবে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে আইন পেশায় নিয়োজিত হওয়ার জন্য আলাদা প্রক্রিয়া অনুসরণ করতে হয়।
বার কাউন্সিলের এনরোলমেন্ট কমিটি এই পরীক্ষার নীতিমালা, সিদ্ধান্ত এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা নির্ধারণ করে থাকে।
সিএ/এমআর


