দেশের তরুণদের দক্ষতা উন্নয়ন ও তথ্যপ্রযুক্তি খাতে কর্মসংস্থান তৈরির লক্ষ্য নিয়ে শুরু হয়েছে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কর্মসূচির ষষ্ঠ ব্যাচের লিখিত পরীক্ষা। শুক্রবার সকাল ৯টায় দেশের ৬৪ জেলায় একযোগে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়।
যুব উন্নয়ন অধিদফতরের অধীনে পরিচালিত এই কর্মসূচিতে অংশ নিতে আবেদন করেছিলেন ১ লাখ ১০ হাজার ৭৪৩ জন। সেখান থেকে বাছাই করা প্রায় ৬০ হাজার প্রার্থী লিখিত পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পেয়েছেন।
এই ব্যাচে চূড়ান্তভাবে নির্বাচিত করা হবে ৪ হাজার ৮০০ জন প্রশিক্ষণার্থীকে। সে হিসেবে প্রতিটি আসনের বিপরীতে গড়ে ১২ থেকে ১৩ জন পরীক্ষার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ফলে সীমিত আসনের বিপরীতে তীব্র প্রতিযোগিতা তৈরি হয়েছে।
লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা আগামী ৭ মার্চ মৌখিক পরীক্ষায় অংশ নেবেন। মৌখিক পরীক্ষার ফলাফলের ভিত্তিতে প্রতিটি জেলা থেকে ৭৫ জন করে প্রশিক্ষণার্থী নির্বাচন করা হবে। এরপর তাদের নিয়ে শুরু হবে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের ষষ্ঠ ব্যাচ।
যুব উন্নয়ন অধিদফতরের উদ্যোগে পরিচালিত এই কর্মসূচি ধাপে ধাপে সম্প্রসারিত হয়েছে। প্রথমে এটি ১৬ জেলায় চালু করা হয়। পরে তা ৪৮ জেলায় বিস্তৃত হয় এবং বর্তমানে দেশের সব ৬৪ জেলায় একযোগে এই প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হচ্ছে।
মাঠপর্যায়ে প্রশিক্ষণ কার্যক্রম বাস্তবায়নের দায়িত্বে রয়েছে ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড। সংশ্লিষ্টরা মনে করছেন, তথ্যপ্রযুক্তি খাতে দক্ষ জনবল তৈরির মাধ্যমে তরুণদের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি করবে এই উদ্যোগ।
সিএ/এমআর


