লিওনেল মেসি, লুইস সুয়ারেজদের নিয়ে ইতোমধ্যেই আলোচনার কেন্দ্রে থাকা ইন্টার মায়ামি এবার আরও একটি বড় নাম যুক্ত করার পথে এগোচ্ছে। আন্তর্জাতিক ফুটবলে দীর্ঘ অভিজ্ঞতা ও ইউরোপীয় ক্লাব ফুটবলে সফল অধ্যায়ের পর ব্রাজিলিয়ান মিডফিল্ডার কাসেমিরোকে দলে নেওয়ার প্রস্তুতি প্রায় শেষ করেছে যুক্তরাষ্ট্রের ক্লাবটি।
দলবদলবিষয়ক সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানোর তথ্য অনুযায়ী, কাসেমিরোকে ইন্টার মায়ামিতে নেওয়ার বিষয়ে দুই পক্ষের মধ্যে মৌলিক সমঝোতা সম্পন্ন হয়েছে। ব্রাজিলের এই অভিজ্ঞ মিডফিল্ডার ফ্রি এজেন্ট হিসেবেই নতুন ঠিকানায় যোগ দিতে যাচ্ছেন বলে জানা গেছে।
সদ্য শেষ হওয়া ২০২৫–২৬ মৌসুমেও ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন কাসেমিরো। মাঝমাঠে তার অভিজ্ঞতা ও উপস্থিতি দলের জন্য কার্যকর ছিল বলে মনে করা হয়।
ইংলিশ ক্লাবটিতে তার ভবিষ্যৎ নিয়ে বিভিন্ন সময়ে আলোচনা থাকলেও সমর্থকদের একটি বড় অংশ তাকে আরও অন্তত এক মৌসুম ওল্ড ট্রাফোর্ডে দেখতে চেয়েছিলেন। ম্যাচের গ্যালারিতেও তাকে রেখে দেওয়ার আহ্বান জানিয়ে স্লোগান উঠেছিল। তবে সব আলোচনা পেছনে ফেলে নতুন অধ্যায়ের দিকে এগোচ্ছেন ৩৪ বছর বয়সী এই ফুটবলার।
বর্তমানে বিশ্বকাপ খেলতে যুক্তরাষ্ট্রেই অবস্থান করছেন কাসেমিরো। ব্রাজিলের হয়ে টুর্নামেন্টের প্রথম দুই ম্যাচেই শুরুর একাদশে জায়গা পেয়েছেন তিনি। ফলে বিশ্বকাপের আবহের মধ্যেই ক্লাব ভবিষ্যৎ নিয়েও আলোচনা আরও জোরালো হয়েছে।
জানা গেছে, আনুষ্ঠানিক কাগজপত্র সম্পন্ন হওয়ার পর কাসেমিরোর নাম ঘোষণা করতে পারে ইন্টার মায়ামি। সেটি হলে মেসি, সুয়ারেজদের সঙ্গে একই ড্রেসিংরুমে দেখা যাবে ব্রাজিলিয়ান এই মিডফিল্ডারকে।
সিএ/এমই


