বিশ্বকাপে নিজেদের যাত্রা প্রত্যাশামতো শুরু করতে পারেনি ব্রাজিল। মরক্কোর বিপক্ষে ১-১ গোলের ড্রয়ের পর দলটির পারফরম্যান্স নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। তবে সেই হতাশার মধ্যেই ব্রাজিল শিবিরে তৈরি হয়েছে ভিন্ন এক আবহ, যার কেন্দ্রে ছিলেন দেশটির প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা এবং তারকা ফুটবলার নেইমার জুনিয়র।
ম্যাচ শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ব্রাজিলের পারফরম্যান্স নিয়ে প্রশ্নের জবাবে প্রেসিডেন্ট লুলা মজার ছলে এমন এক মন্তব্য করেন, যা দ্রুত আলোচনায় চলে আসে।
আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপে দুর্দান্ত শুরু করা লিওনেল মেসির প্রসঙ্গ টেনে তিনি রসিকতার সুরে বলেন, ‘আমি তো ভাবছিলাম ব্রাজিল দলে খেলানোর জন্য মেসিকেই হায়ার (চুক্তি) করে ফেলব কি না!’
এই মন্তব্যে উপস্থিতদের মধ্যে হাসির পরিবেশ তৈরি হলেও পরে তিনি ব্রাজিল দল নিয়ে নিজের আস্থার কথাও তুলে ধরেন।
লুলার মতে, মরক্কোর বিপক্ষে ড্রকে অতিরিক্ত নেতিবাচকভাবে দেখার সুযোগ নেই। তার ভাষ্য, এই প্রতিপক্ষকে গ্রুপের অন্যতম কঠিন দল হিসেবে বিবেচনা করা হচ্ছে এবং টুর্নামেন্টে শুরুটা সবসময় শেষ ফল নির্ধারণ করে না।
তিনি বলেন, ‘লোকে বলে, ব্রাজিলকে নিয়ে যখনই সবাই সবচেয়ে বেশি সন্দেহ প্রকাশ করে, তখনই নাকি তারা বিশ্বকাপ জেতে… দেখা যাক এবার কী হয়!’
এদিকে মাঠের বাইরের আলোচনার পাশাপাশি ব্রাজিল শিবিরে বড় ইতিবাচক খবর হয়ে এসেছে নেইমারের অনুশীলনে ফেরা।
চোট ও দীর্ঘ বিরতির পর বিশ্বকাপ দলে জায়গা পাওয়া এই অভিজ্ঞ ফরোয়ার্ড বুধবার দলের অনুশীলনে অংশ নেন। বল পায়ে তাকে দেখা যাওয়ায় সমর্থকদের মধ্যেও আশাবাদ তৈরি হয়েছে।
অনুশীলনের সময় নিজের স্বভাবসুলভ প্রাণচাঞ্চল্যও ধরে রেখেছিলেন নেইমার। সাংবাদিকদের উদ্দেশে হাসিমুখে তিনি বলেন, ‘কী হে, আমাকে খুব মিস করছিলে নাকি?’
দীর্ঘ সময় জাতীয় দলের বাইরে থাকার পর তার এই প্রাণবন্ত উপস্থিতি ব্রাজিল শিবিরে নতুন উদ্দীপনা যোগ করেছে। তবে আগামী শুক্রবার হাইতির বিপক্ষে ম্যাচে তিনি শুরু থেকেই খেলবেন কি না, সে বিষয়ে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
কোচিং স্টাফ ও মেডিকেল বিভাগ নেইমারের পূর্ণ ফিটনেস নিশ্চিত করেই তাকে মাঠে নামানোর পক্ষে অবস্থান নিয়েছে।
বিশ্বকাপের শুরুতে ড্রয়ের হতাশা থাকলেও ব্রাজিল শিবিরে এখন আলোচনার বড় অংশ জুড়ে আছে একদিকে প্রেসিডেন্টের রসিকতা, অন্যদিকে নেইমারের সম্ভাব্য প্রত্যাবর্তন।
সিএ/এমই


