ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য নতুন প্রিমিয়াম সুবিধা চালুর ঘোষণা দিয়েছে প্রযুক্তি প্রতিষ্ঠান মেটা। এর ফলে জনপ্রিয় এই তিন প্ল্যাটফর্মে কিছু উন্নত ফিচার ব্যবহার করতে হলে গ্রাহকদের মাসিক সাবস্ক্রিপশন ফি পরিশোধ করতে হবে।
প্রতিষ্ঠানটির এই সিদ্ধান্তের ফলে বিশেষ করে কনটেন্ট নির্মাতাদের মধ্যে নতুন আলোচনা শুরু হয়েছে। কারণ, ভবিষ্যতে আরও বেশি দর্শকের কাছে পৌঁছানো, উন্নত বিশ্লেষণী তথ্য দেখা এবং বিভিন্ন অতিরিক্ত সুবিধা ব্যবহারের জন্য অর্থ ব্যয়ের প্রয়োজন হতে পারে।
মেটার পণ্যবিষয়ক প্রধান নাওমি গ্লাইট এক ভিডিও বার্তায় জানান, ব্যবহারকারীদের একটি অংশ দীর্ঘদিন ধরে বাড়তি সুবিধা ও উন্নত টুল ব্যবহারের সুযোগ চেয়ে আসছিলেন। তাদের প্রয়োজন বিবেচনায় রেখেই নতুন সাবস্ক্রিপশনভিত্তিক পরিকল্পনা চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ঘোষণা অনুযায়ী, ইনস্টাগ্রাম প্লাস ও ফেসবুক প্লাস ব্যবহার করতে মাসে ৩ দশমিক ৯৯ ডলার এবং হোয়াটসঅ্যাপ প্লাসের জন্য মাসে ২ দশমিক ৯৯ ডলার খরচ করতে হবে। তবে বর্তমানে যে বিনামূল্যের সেবাগুলো ব্যবহারকারীরা পাচ্ছেন, সেগুলো আপাতত চালু থাকবে বলে জানিয়েছে মেটা।
প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, ফেসবুক প্লাস ও ইনস্টাগ্রাম প্লাস গ্রাহকরা উন্নত অ্যানালিটিকস, রিল ও স্টোরি বারবার দেখার সুবিধা, প্রোফাইল কাস্টমাইজেশন এবং আরও বেশি মানুষের কাছে কনটেন্ট পৌঁছে দেওয়ার জন্য বিশেষ টুল ব্যবহার করতে পারবেন।
অন্যদিকে হোয়াটসঅ্যাপ প্লাস সংস্করণে থাকবে ব্যক্তিকেন্দ্রিক বিভিন্ন সুবিধা। এর মধ্যে প্রিমিয়াম স্টিকার, কাস্টম থিম এবং বিশেষ রিংটোন ব্যবহারের সুযোগ থাকবে। পাশাপাশি ভবিষ্যতে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক ফিচার, ব্যবসায়িক সেবা এবং বিষয়ভিত্তিক কনটেন্টকেন্দ্রিক নতুন পরিকল্পনাও চালুর ইঙ্গিত দিয়েছে প্রতিষ্ঠানটি।
বিশ্লেষকদের মতে, এই উদ্যোগ থেকে বোঝা যায় যে মেটা ধীরে ধীরে শুধু বিজ্ঞাপননির্ভর ব্যবসায়িক মডেলের ওপর নির্ভর না করে সাবস্ক্রিপশনভিত্তিক আয়ের নতুন পথ তৈরি করতে চাইছে।
এদিকে কৃত্রিম বুদ্ধিমত্তা অবকাঠামো গড়ে তুলতে চলতি বছরে ১৮০ থেকে ২০০ বিলিয়ন ডলার সমপরিমাণ বিনিয়োগ পরিকল্পনার কথাও জানিয়েছে মেটা। এ অর্থ দিয়ে বড় আকারের ডেটা সেন্টার নির্মাণ এবং উন্নত প্রযুক্তি অবকাঠামো তৈরির কাজ এগিয়ে নেওয়া হবে।
সিএ/এমআর


