রাজবাড়ীতে গত দুই সপ্তাহে সবজির বাজারে উল্লেখযোগ্য দরপতন হয়েছে। সরবরাহ বৃদ্ধি পাওয়ায় পটল, ঝিঙ্গা, ভেন্ডি, করলা, বেগুন ও পেঁপেসহ প্রায় সব ধরনের সবজির দাম কেজিপ্রতি ২০ থেকে ৪০ টাকা পর্যন্ত কমেছে। এতে কিছুটা স্বস্তি ফিরেছে সাধারণ ক্রেতাদের মধ্যে।
বুধবার (১৭ জুন) রাজবাড়ীর বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, আগে যে সবজিগুলো ৫০ থেকে ৭০ টাকা কেজি দরে বিক্রি হতো, সেগুলোর দাম এখন কমে ২৫ থেকে ৪০ টাকা কেজিতে নেমে এসেছে। বাজারে সরবরাহ বাড়ায় এই দরপতন হয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।
কাঁচা মরিচের দামেও বড় ধরনের পরিবর্তন দেখা গেছে। মানভেদে বর্তমানে কাঁচা মরিচ বিক্রি হচ্ছে কেজিপ্রতি ৫০ থেকে ৬০ টাকা দরে, যা আগের তুলনায় কম। একই সঙ্গে দেশি পেঁয়াজও কেজিপ্রতি ৩০ টাকায় বিক্রি হচ্ছে বলে জানা গেছে।
ব্যবসায়ীরা জানান, মাঠ পর্যায়ে উৎপাদন ও সরবরাহ বেড়ে যাওয়ায় বাজারে সব ধরনের সবজির দাম কমেছে। প্রকারভেদে কেজিপ্রতি গড়ে ২০ থেকে ৪০ টাকা পর্যন্ত কমেছে। তারা মনে করছেন, সরবরাহ স্থিতিশীল থাকলে দাম আরও কিছুদিন নিয়ন্ত্রণে থাকতে পারে।
স্থানীয় ক্রেতারা জানান, দীর্ঘদিন পর সবজির দাম কমায় তারা কিছুটা স্বস্তিতে বাজার করতে পারছেন। তবে দাম স্থায়ীভাবে কম রাখার দাবি জানিয়েছেন তারা।
কালের কণ্ঠ
সিএ/এমই
++


