বিশ্বকাপের প্রথম ম্যাচের আগে পর্তুগাল শিবিরে তৈরি হয়েছে অস্বস্তিকর এক পরিস্থিতি। কোনো খেলোয়াড়ের চোট বা অনুশীলনজনিত সমস্যা নয়, বরং হোটেল এলাকার আশপাশে কুমিরের উপস্থিতি ঘিরে দেখা দিয়েছে আতঙ্ক।
ক্রিশ্চিয়ানো রোনালদোর নেতৃত্বাধীন পর্তুগাল দল বর্তমানে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার পাম বিচ গার্ডেন্সে অবস্থান করছে। স্থানীয় সংবাদমাধ্যম ও খেলোয়াড়দের অভিযোগ অনুযায়ী, হোটেল ও অনুশীলন মাঠের আশপাশে অন্তত চারটি কুমির ঘুরে বেড়াতে দেখা গেছে।
এই ঘটনায় ফুটবলারদের মধ্যে অস্বস্তি তৈরি হয়েছে বলে জানা গেছে। অনেকে হোটেল থেকে বের হওয়া কমিয়ে দিয়েছেন এবং বেশিরভাগ সময় জিম বা ইনডোর অনুশীলনে কাটাচ্ছেন।
ফ্লোরিডার এই এলাকা মূলত জলাভূমি ও বনাঞ্চলের কাছাকাছি হওয়ায় কুমিরের উপস্থিতি নতুন কিছু নয়। স্থানীয়রা এমন পরিস্থিতির সঙ্গে পরিচিত হলেও ইউরোপীয় ফুটবলারদের জন্য এটি অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে।
পর্তুগিজ সংবাদমাধ্যম ‘আ বোলা’ আগেই সতর্ক করেছিল যে শিবিরের আশপাশে কুমির দেখা গেছে। এরপর দল যুক্তরাষ্ট্রে পৌঁছানোর পরও একই ধরনের পরিস্থিতি দেখা যায় বলে দাবি করা হচ্ছে।
স্থানীয় পার্ক ও জলাশয়সংলগ্ন এলাকায় কুমিরের চলাচল সাধারণ হলেও খেলোয়াড়দের নিরাপত্তা নিশ্চিত করতে ইতোমধ্যে ব্যবস্থা নিয়েছে আয়োজক কর্তৃপক্ষ। অনুশীলন মাঠ ও হোটেল এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, খেলোয়াড়দের অনুশীলন বা চলাচলে কোনো ধরনের ঝুঁকি নেই এবং পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রাখা হয়েছে।
তবে নিরাপত্তার আশ্বাস সত্ত্বেও খেলোয়াড়দের মধ্যে কিছুটা উদ্বেগ রয়ে গেছে। বিশেষ করে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে এমন পরিস্থিতি দলের প্রস্তুতিতে প্রভাব ফেলতে পারে বলে মনে করা হচ্ছে।
১৭ জুন বাংলাদেশ সময় রাত ১১টায় কঙ্গোর বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে পর্তুগাল। এরপর গ্রুপ পর্বে তাদের প্রতিপক্ষ উজবেকিস্তান ও কলম্বিয়া।
সিএ/এমই


