দেশের অন্যতম বৃহৎ শরিয়াহভিত্তিক আর্থিক প্রতিষ্ঠান ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির চেয়ারম্যানসহ পরিচালনা পর্ষদের সব সদস্যের নিয়োগ বাতিল করেছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের এক সিদ্ধান্তে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের সহকারী মুখপাত্র শাহরিয়ার সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ক্ষমতাবলে রোববার এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।
কেন্দ্রীয় ব্যাংকের প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আমানতকারীদের স্বার্থ এবং জনস্বার্থ বিবেচনায় ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ পরিচালনা পর্ষদের সব পরিচালকের নিয়োগ বাতিল করা হয়েছে।
একই সঙ্গে ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৭(৩) ধারা অনুযায়ী বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ জহির হোসেনকে ব্যাংকের পরিচালনা পর্ষদের সব ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালনের দায়িত্ব দেওয়া হয়েছে।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত তিনি পর্ষদের দায়িত্ব পালন করবেন এবং ব্যাংকের প্রশাসনিক কার্যক্রম তদারকি করবেন।
ব্যাংকিং খাতের সংশ্লিষ্টরা বলছেন, দেশের আর্থিক খাতের স্থিতিশীলতা এবং আমানতকারীদের স্বার্থ সুরক্ষার লক্ষ্যে কেন্দ্রীয় ব্যাংক এ ধরনের পদক্ষেপ নিয়ে থাকে। তবে এ সিদ্ধান্তের দীর্ঘমেয়াদি প্রভাব এবং পরবর্তী প্রশাসনিক কাঠামো সম্পর্কে এখনো বিস্তারিত তথ্য জানানো হয়নি।
সিএ/এমআর


