মুন্সীগঞ্জ শহরের জমিদারপাড়া এলাকায় মা ও মেয়েকে গলা কেটে হত্যাচেষ্টার অভিযোগে স্থানীয় এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনাটি রোববার (১৪ জুন, ২০২৬) সকাল সাড়ে ৯টার দিকে ঘটে বলে জানা গেছে।
গ্রেপ্তার ব্যক্তির নাম মো. শান্ত। তিনি স্থানীয় বাসিন্দা। আহতরা হলেন সৌদি আরবপ্রবাসী জনি ইসলামের স্ত্রী রিতা মণি ইসলাম (৩০) এবং তাদের মেয়ে জান্নাতুল ইসলাম রিধি (১১)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে জমিদারপাড়ায় প্রবাসী জনি ইসলামের বাসায় এ হামলার ঘটনা ঘটে। অভিযোগ অনুযায়ী, পূর্বপরিচিত ওই যুবক ধারালো অস্ত্র নিয়ে বাসায় প্রবেশ করে প্রথমে গৃহকর্ত্রীকে আঘাত করে। এ সময় পাশের কক্ষে থাকা শিশু কন্যা চিৎকার করলে তাকেও আঘাত করা হয়।
চিৎকার শুনে জনি ইসলাম বাসার ভেতর থেকে বেরিয়ে এসে বাধা দিলে অভিযুক্তের সঙ্গে ধস্তাধস্তির ঘটনা ঘটে। এতে তিনিও সামান্য আহত হন বলে জানা গেছে।
স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত যুবককে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে হেফাজতে নেয়।
আহত মা ও মেয়েকে উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের চিকিৎসা চলছে।
ভুক্তভোগী জনি ইসলাম দাবি করেন, অভিযুক্ত যুবক তাদের পূর্বপরিচিত এবং ঘটনার সময় তিনি বাসার ওয়াশরুমে ছিলেন। পরে চিৎকার শুনে বের হয়ে ঘটনাটি দেখতে পান।
মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিনুল ইসলাম জানান, অভিযুক্ত ও ভুক্তভোগীরা প্রতিবেশী। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্ববিরোধের জেরে তর্কাতর্কির একপর্যায়ে এ ঘটনা ঘটে।
তিনি আরও জানান, অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে এবং ঘটনার বিস্তারিত জানতে তদন্ত চলছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সিএ/এমই


