বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী তালিকাভুক্তির প্রথম ধাপের এমসিকিউ পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এতে ৯ হাজার ২০১ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন।
শুক্রবার বাংলাদেশ বার কাউন্সিলের ওয়েবসাইটে প্রকাশিত ফলাফলে এ তথ্য জানানো হয়। এবারের পরীক্ষায় আবেদন করেছিলেন ৩৭ হাজার ৮০ জন প্রার্থী। ফল প্রকাশের পর উত্তীর্ণ পরীক্ষার্থীরা পরবর্তী ধাপের লিখিত পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে পারবেন।
বার কাউন্সিলের এনরোলমেন্ট প্রক্রিয়া তিনটি ধাপে সম্পন্ন হয়। প্রথমে এমসিকিউ বা নৈর্ব্যক্তিক পরীক্ষা, এরপর লিখিত পরীক্ষা এবং সবশেষে মৌখিক পরীক্ষায় অংশ নিতে হয়। এই তিন ধাপ সফলভাবে সম্পন্ন করলেই একজন প্রার্থী আইনজীবী হিসেবে প্র্যাকটিস করার অনুমতি পান।
এনরোলমেন্ট নীতিমালা অনুযায়ী, কোনো পরীক্ষার্থী একবার লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলে পরবর্তী সময়ে তিনবার সরাসরি মৌখিক পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পান।
আইনজীবী তালিকাভুক্তির পুরো প্রক্রিয়া তদারকি ও প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করে বার কাউন্সিলের এনরোলমেন্ট কমিটি। প্রতি বছর বিপুলসংখ্যক আইন শিক্ষার্থী ও শিক্ষানবিশ আইনজীবী এ পরীক্ষায় অংশ নেন।
সূত্র: বার কাউন্সিল
সিএ/এমআর


