ময়মনসিংহ-জামালপুর রেলপথে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে। ঢাকাগামী আন্তঃনগর ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হওয়ায় এ পরিস্থিতি তৈরি হয়েছে।
বুধবার (১০ জুন) সকাল ৮টা ৫৫ মিনিটের দিকে ময়মনসিংহ শহরের কলেজ রোড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
রেলওয়ে সূত্রে জানা গেছে, জামালপুর থেকে ঢাকাগামী ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনটি নির্ধারিত পথে চলাচলের সময় হঠাৎ একটি বগি লাইনচ্যুত হয়। এতে মুহূর্তেই ওই রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
দুর্ঘটনার পর ময়মনসিংহ-জামালপুর রুটে সব ধরনের ট্রেন চলাচল সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।
ময়মনসিংহ রেলওয়ে জংশনের সুপারিনটেনডেন্ট আব্দুল্লাহ আল হারুন জানান, সকাল ৮টা ৫৫ মিনিটে ব্রহ্মপুত্র এক্সপ্রেসের একটি বগি লাইনচ্যুত হয়। ফলে রেলপথে যোগাযোগ বন্ধ হয়ে যায়।
তিনি আরও জানান, লাইনচ্যুত বগিটি উদ্ধারে দ্রুত রিলিফ ট্রেন পাঠানোর ব্যবস্থা নেওয়া হয়েছে এবং পরিস্থিতি স্বাভাবিক করতে কাজ চলছে।
সিএ/এমই


