ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় মেহেদী হাসান সবুজ নামে এক কথিত মাদককারবারির বাড়িতে ভাঙচুরের ঘটনা ঘটেছে। মঙ্গলবার বিকেলে উপজেলার থুমনিয়া সাহাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর এলাকায় উত্তেজনা ও আতঙ্ক ছড়িয়ে পড়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার সৈয়দপুর ইউনিয়নের থুমনিয়া সাহাপাড়া গ্রামের মফিজউদ্দীনের ছেলে মেহেদী হাসান সবুজ দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে। স্থানীয়দের দাবি, তার কারণে এলাকার যুব সমাজ ক্ষতির মুখে পড়ছে।
এলাকাবাসীর অভিযোগ, মাদক ব্যবসা বন্ধ করতে তাকে একাধিকবার সতর্ক করা হলেও তিনি তা মানেননি। পরে ক্ষুব্ধ হয়ে মঙ্গলবার বিকেলে স্থানীয় কিছু মানুষ লাঠিসোঁটা নিয়ে তার বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করে। এ সময় বাড়ির লোকজন নিরাপত্তার কারণে এলাকা ছেড়ে চলে যায়।
ঘটনার পর পুরো এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে স্থানীয়রা সতর্ক অবস্থান নেয়।
পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন প্রামানিক জানান, অভিযুক্ত মেহেদী হাসান সবুজ একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে বলে তিনি নিশ্চিত করেন।
এদিকে স্থানীয় রাজনৈতিক ও সামাজিক মহলে এ ঘটনার পর মাদকবিরোধী অবস্থান আরও জোরদার হয়েছে বলে জানা গেছে। সম্প্রতি এক সভায় মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করা হয়, যেখানে বলা হয় মাদক ব্যবসা ছাড়তে হবে, না হলে এলাকা ছাড়তে হবে। এর পর থেকেই এলাকায় মাদকবিরোধী জনসচেতনতা বাড়ে।
তবে আইন নিজের হাতে তুলে নেওয়ার ঘটনাকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্নও উঠেছে।
সিএ/এমই


