টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় বৈষম্যবিরোধী আন্দোলনের সময় পুলিশের গুলিতে আহত হয়ে দুই চোখ হারানো হিমেলের মামলায় আওয়ামী লীগ (কার্যক্রম নিষিদ্ধ) ও ছাত্রলীগের (নিষিদ্ধ) দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৯ জুন) রাতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
গ্রেপ্তাররা হলেন উপজেলা সদরের পুষ্টকামুরী গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সোহেল রানা এবং গাড়াইল এলাকার রেজাউল করিমের ছেলে উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক কমিটির সদস্য আব্দুর রাব্বি সাদ।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে প্রথমে পৌর সদরের বাইমহাটী বাজার এলাকায় অভিযান চালিয়ে সোহেল রানাকে গ্রেপ্তার করা হয়। পরে একই রাতে গাড়াইল এলাকার নিজ বাড়ি থেকে আব্দুর রাব্বি সাদকে আটক করা হয়।
পরবর্তীতে তাদের গোড়াই লালবাড়ি এলাকার হিমেলের মা নাসিমা বেগমের দায়ের করা মামলায় অজ্ঞাতনামা আসামি হিসেবে গ্রেপ্তার দেখানো হয়।
মামলার এজাহার অনুযায়ী, ২০২৪ সালের ৪ আগস্ট ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক সংলগ্ন গোড়াই হাইওয়ে থানার সামনে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে পুলিশের ছররা গুলিতে আহত হন হিমেল। পরে চিকিৎসায় তার দুই চোখ নষ্ট হয়ে যায় বলে জানান ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসকরা।
ঘটনার পর ২০২৪ সালের ৭ অক্টোবর টাঙ্গাইল আদালতে হিমেলের মা নাসিমা বেগম ১০০ জনের নাম উল্লেখ করে এবং আরও ৪০০ থেকে ৫০০ জনকে অজ্ঞাত আসামি করে মামলা দায়ের করেন।
মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, মামলার তদন্তে তাদের নাম আসায় গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার তাদের টাঙ্গাইল আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।
এ ঘটনায় এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
সিএ/এমই


