কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে মোটরসাইকেল আরোহীকে বাসের ধাক্কা দেওয়ার ঘটনার পর ক্ষুব্ধ স্থানীয়রা একটি ঢাকাগামী যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে। এতে বাসটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয় এবং এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
সোমবার (৮ জুন) রাত ৮টার দিকে উপজেলার আন্ধারীঝাড় ইউনিয়নের হাফিজিয়া মাদরাসার পাশে ভূরুঙ্গামারী-কুড়িগ্রাম মহাসড়কে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, আব্দুল হামিদ চৌধুরী (৭৫) মোটরসাইকেল নিয়ে পার্শ্ববর্তী সড়ক থেকে মহাসড়কে ওঠার সময় ঢাকাগামী স্বাধীন পরিবহনের একটি নৈশ কোচের ধাক্কায় গুরুতর আহত হন। দুর্ঘটনায় তার একটি পা থেঁতলে যায় এবং মাথায় গুরুতর আঘাত লাগে।
পরে স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
ঘটনার পরপরই উত্তেজিত স্থানীয়রা বাসটি লক্ষ্য করে আগুন ধরিয়ে দেয়। এতে বাসের বিভিন্ন অংশ পুড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
স্বাধীন পরিবহনের কাউন্টার ম্যানেজার সফি জানান, যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়া বাসটি দুর্ঘটনার শিকার হওয়ার পর এতে আগুন দেওয়া হয়।
ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবু সাজ্জাদ মোহাম্মদ সায়েম বলেন, আহত ব্যক্তিকে গুরুতর অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। প্রাথমিক চিকিৎসার পর তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আহতের ছেলে খোকন চৌধুরী বলেন, “আমার বাবার অবস্থা আশঙ্কাজনক। আমরা তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাচ্ছি।”
ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন বলেন, ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে এনেছে এবং পরিস্থিতি স্বাভাবিক করতে পুলিশ কাজ করছে। দুর্ঘটনার কারণে মহাসড়কে কিছু সময় যানজট সৃষ্টি হয়।
সিএ/এমই


