চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় হত্যা মামলার এজাহারভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযানের পর তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
সোমবার (৮ জুন) ভোরে উপজেলার দোহাজারী পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের উত্তর চাগাচর চৌকিদার পাড়া এলাকায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তির নাম মো. সেকান্দার ইসলাম প্রকাশ রাশেদ। চন্দনাইশ থানা পুলিশের বিশেষ অভিযানে তাকে আটক করা হয় বলে জানা গেছে।
পুলিশ সূত্রে জানা যায়, তিনি চন্দনাইশ থানার ২০১৯ সালের একটি মাদক মামলা (মামলা নং-০৪(১০)১৯, জিআর-২২৩/১৯)-এর এজাহারভুক্ত আসামি। তার বিরুদ্ধে এলাকায় চুরি, মাদকসেবনসহ একাধিক অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগও রয়েছে।
এছাড়া তিনি দোহাজারী নাথপাড়ার আলোচিত ফুলতলা এলাকার ব্যবসায়ী স্বপন হত্যা মামলার প্রধান আসামি বলেও জানা গেছে।
চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) দিদারুল ইসলাম সিকদার জানান, বিশেষ অভিযান চালিয়ে আসামিকে গ্রেপ্তার করা হয়েছে এবং পরবর্তী আইনি প্রক্রিয়া শেষে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।
সিএ/এমই


